Published : 14 Jun 2026, 04:40 PM
প্রাথমিক শিক্ষকদের বদলিপ্রক্রিয়া স্থানীয় পর্যায়ে নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, “টিচার ট্রান্সফার একটা বড় ইস্যু। এই টিচার ট্রান্সফারে বিগত দিনগুলোতে বড় একটা সিন্ডিকেট বা বড় একটা করাপশনের জায়গা হয়ে তৈরি হয়েছিল৷
“মাননীয় প্রধানমন্ত্রী খোদ নিজে এটাতে নজর দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইন্সট্রাকশনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমরা সকলে মিলে নতুন পলিসি গঠন করেছি যে- প্রাথমিকে টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে।”
রোববার শেরাটন ঢাকা হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও উপস্থিত ছিলেন।
শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে ভাষ্য ববি হাজ্জাজের।
তিনি বলেন, “এজন্য লোকাল টিম গঠন করা হয়েছে—উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন। চারজন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে।

“যারা মাসে একবার বসবেন, ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছে, সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাও করবেন বা করবেন না। সেইম জিনিস ডিসির আন্ডারে জেলা লেভেলে করা হয়েছে ও ডিপিইর আন্ডারে আপনার ডিভিশন লেভেলে করা হয়েছে। এই যে করাপশনের সব জায়গাগুলো আমরা বন্ধ করে দিতে চাই।”
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন যথাযথভাবে পড়ার সময় পায় তা নিশ্চিত করতে সরকার আগামী পাঁচ বছরের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক শিফিটের স্কুলে রূপান্তরের উদ্যোগ নিয়েছে।
শিখনফলকে আমলে নিয়ে সরকার প্রাথমিক শিক্ষার লক্ষ্য ঠিক করেছে জানিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “আমাদের প্রত্যেকটা গোল প্রাথমিকে আমরা এখন লার্নিং আউটকাম ওরিয়েন্টেড করছি; আমরা যেটাই খরচ করব, আমরা বিল্ডিংয়ে খরচ করি, অনেক ইনফ্রাস্ট্রাকচারে অনেক খরচ করি।
“কিন্তু খরচ করার সময় আমরা দেখি না আসলে আমাদের ফোকাসটা কি লার্নিং আউটকাম কি না। আমাদের বেশিরভাগ ফোকাস থাকে আমরা বাজেট কতখানি পেলাম, বাজেট কতখানি খরচ করলাম, সেই জায়গাটাতে।”
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীসহ শিক্ষাবিদ ও ইউনিসেফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।