বিদ্যানন্দের একুশে পদকপ্রাপ্তি ‘সবার অর্জন’
সমাজ সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
বইমেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্টলে রোববার বিকালটি ছিল অন্যরকম; অনেকে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছিলেন, উচ্ছ্বাসের রঙ ছড়াল সংস্থাটির স্বেচ্ছাসেবীদের মধ্যেও।
কারণ এই বিকালেই খবর এল, এবার একুশে পদকের জন্য মনোনীত হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সমাজ সেবায় অবদানের স্বীকৃতি রাষ্ট্রীয় এই সম্মাননা পাচ্ছে তারা।
খবরটি প্রকাশের পর একুশে বইমেলায় বাংলা একাডেমি অংশে বিদ্যানন্দের স্টলে গিয়ে দেখা যায়, অভিনন্দনের স্রোতে ভাসছে সংস্থাটির সদস্যরা। উচ্ছ্বাসের প্রকাশ স্বেচ্ছাসেবীদের মধ্যেও।
স্টলের সামনে কথা হয় বিদ্যানন্দের জনসংযোগ বিভাগের প্রধান সালমান খানের সঙ্গে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ভীষণ খুশি। মানবিক কাজের জন্য যে স্বীকৃতি সেটি সবার। কারণ বিদ্যানন্দ সকলকে নিয়েই কাজ করে।”
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ এক লিখিত বার্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “পদকের জন্য কখনও কাজ করিনি। আর এই পদক আমাদের একার না। প্রতিষ্ঠানটিকে মানুষই দাঁড় করিয়েছে গরিবের কল্যাণে।
“তাই বিদ্যানন্দের অর্জন না বলে মানুষের অর্জন বলতে চাই। সরকারের এই স্বীকৃতি দায়িত্বটা আরও বাড়িয়ে দিচ্ছে। আশীর্বাদ করবেন যেন পদক প্রাপ্তিতেও নীতি থেকে সরে না যাই।”
২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। মূলত দরিদ্র ও পথশিশুদের শিক্ষা নিয়ে কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে খাদ্য, বস্ত্র, এতিমখানা, স্বাস্থ্যসহ সমাজ কল্যাণমূলক নানা কার্যক্রমে যুক্ত হয়। কোভিড মহামারীতে সারা দেশে সাধারণ মানুষের অর্থ সহায়তায় ত্রাণ কার্যক্রম, হাসপাতাল প্রতিষ্ঠাসহ নানা কার্যক্রম পরিচালনা করে আলোচনায় আসে।
প্লাস্টিক রিসাইকেলিং, বন্যাসহ প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম, হাজার হাজার দরিদ্র শিক্ষার্থীর জন্য পড়াশোনার ব্যবস্থা, এক টাকায় আহারের মাধ্যমে প্রতিদিন পাঁচ হাজার মানুষকে খাবার দেওয়া, এক টাকায় চিকিৎসাসহ অসংখ্য সমাজ সেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে বিদ্যানন্দ।
দেশ-বিদেশের অসংখ্য মানুষের ভালোবাসা, সহায়তা নিয়ে নয় বছরে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থায় পরিণত হয়েছে বিদ্যানন্দ। শেখ হাসিনা ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড, মানব কল্যাণ পদকসহ নানা স্বীকৃতি পেয়েছে।
সারাদেশে অসংখ্য মানুষ নানাভাবে বিদ্যানন্দের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত আছেন জানিয়ে সালমান খান বলেন, “আমরা যখন কোনো গ্রামে যাই, তখন সেখানে অনেকেই আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসেন। তারাও আমাদের স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হয়ে যান৷ ফলে আমাদের স্বেচ্ছাসেবী অগণিত। তাই একুশে পদক প্রাপ্তির আনন্দটাও সকলের।”
সোশাল মিডিয়ায়ও অনেকেই বিদ্যানন্দকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিদ্যানন্দও ফেইসবুক পেইজে পোস্ট লিখে প্রতিক্রিয়া জানিয়েছে।
ফেইসবুক পোস্টে বিদ্যানন্দ ফাউন্ডেশন লিখেছে, “মানবসেবায় অসামান্য অবদানের জন্য স্বেচ্ছাসেবীদের শ্রম, দাতাদের ত্যাগ এবং ফলোয়ারদের সমর্থনের জন্য এই স্বীকৃতি। যদি এই অর্জনের আনন্দ আপনাকে স্পর্শ না করে, যদি এটাকে আমরা একান্তই নিজেদের অর্জন ভাবি, তবে ব্যর্থ এই বিদ্যানন্দ।”
বইমেলায় বিদ্যানন্দের ব্যতিক্রমী স্টলে বই বিক্রি করছে দৃষ্টিহীন দুই শিক্ষার্থী। তারাও একুশে পদকপ্রাপ্তিতে উচ্ছ্বসিত।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের কমিউনিকেশন এক্সিকিউটিভ মাহবুবুর রহমান রাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একুশে পদকে মনোনীত হওয়ায় অনেকেই আমাদের স্টলে এসে শুভেচ্ছা জানাতে আসছেন।
“আমাদেরও খুব ভালো লাগছে। তবে এই আনন্দের মুহূর্তে শুধু বলব, আমরা যেন বিদ্যানন্দের নীতিতে অটল থাকতে পারি। মানুষের সেবায় যেন আরও বেশি নিবেদিত হতে পারি। স্বীকৃতির উচ্ছ্বাসে নীতি থেকে যেন সরে যাই।”
একুশে বইমেলায় বিদ্যানন্দ এবার এসেছে পাঠাগার রক্ষার দাবি নিয়ে। রাহি বলেন, “শত বছরের অনেক পুরাতন পাঠাগার এখন আর নেই। আমরা নতুন বই দিয়ে সে পাঠাগারগুলোকে বাঁচাতে চাই। সেই আবেদন তুলে ধরতে চাই মেলায় আসা সাহিত্য প্রেমীদের কাছে।
“আমাদের স্টল থেকে কেউ একটি বই কিনলে গ্রামের জীর্ণ পাঠাগারগুলো পাবে একটি বই। আর আমরা এই বই বিক্রির টাকাও সারাদেশে অসহায় মানুষের জন্য জনকল্যাণমুখী ও মেধাভিত্তিক কার্যক্রমে ব্যয় করে থাকি।”
দিনের বইমেলা
রোববার ছিল বইমেলার দ্বাদশ দিন। এদিন নতুন বই এসেছে ৭৯টি।
মেলায় লোক সমাগম ভালো ছিল। বই বিক্রি নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা। মেলার মাঠে পানি ছিটানোর কারণে ধুলার ভোগান্তিও ছিল তুলনামূলক কম।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : হাসান হাফিজুর রহমান’ এবং ‘স্মরণ : হাবীবুল্লাহ সিরাজী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মিনার মনসুর এবং কাবেদুল ইসলাম। আলোচনায় অংশ নেন শোয়াইব জিবরান, শাহাদাৎ হোসেন নিপু, রুবেল আনছার ও ওবায়েদ আকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এইচ এম লোকমান।
সভাপতির বক্তব্যে এ এইচ এম বলেন, “বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল দুই নক্ষত্রের নাম হাসান হাফিজুর রহমান এবং হাবীবুল্লাহ্ সিরাজী। তারা তাদের জীবন, সৃষ্টিকর্ম ও আদর্শ দিয়ে আমাদের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন।”
এদিন ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন রকিবুল হাসান, রাহাত মিনহাজ, ফেরদৌস নাহার ও আশিক মুস্তাফা।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বদরুল হায়দার, টোকন ঠাকুর, খাতুনে জান্নাত, আহসান মালেক ও কাজী আনিসুল হক। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শিরিন জাহান, মীর মাসরুর জামান রনি ও অনিমেষ কর।
এছাড়া ছিল শরণ বড়ুয়ার পরিচালনায় গীতিআলেখ্য ‘প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’, কবিরুল ইসলাম রতনের পরিচালনায় নৃত্য সংগঠন ‘নৃত্যালোক’ এবং ইকবাল হাফিজের পরিচালনায় শিশু-কিশোর সংগঠন ‘দনিয়া সবুজ কুঁড়ি কচি কাঁচার মেলা’র পরিবেশনা।
সংগীত পরিবেশন করেন ফারহানা ফেরদৌসী তানিয়া, রাজিয়া সুলতানা, মো. মেজবাহ রানা, আবুল কালাম আজাদ, নাফিসা ইসলাম ফাইজা, সুমন চন্দ্র দাস, সুজন হাওলাদার। যন্ত্রাণুষঙ্গে ছিলেন রাজু চৌধুরী (তবলা), আনোয়ার সাহদাত রবিন (কি-বোর্ড), দীপঙ্কর রায় (অক্টোপ্যাড), মো. আতিকুল ইসলাম (বাঁশি)।
সোমবার যা থাকবে
সোমবার বইমেলার ত্রয়োদশ দিন। মেলা শুরু হবে বিকাল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : আবদুল গাফ্ফার চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন মোনায়েম সরকার, হারিসুল হক ও অপূর্ব শর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবেদ খান।
