১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপস্থিতি কম হলেও ভোটের জন্য আদর্শ দিন: জাপার আনিসুর

“ভোটার উপস্থিতি একটু ধীর হচ্ছে- এটা ঠিক। নির্বাচনের পরিবেশ কিন্তু ভালো,” বলছেন জাতীয় পার্টির প্রার্থী।

উপস্থিতি কম হলেও ভোটের জন্য আদর্শ দিন: জাপার আনিসুর

জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান ভোট দেন ক্যান্টনমেন্ট এলাকার শিশু মঙ্গল বিদ্যালয় কেন্দ্রে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 10:39 AM

Updated : 17 Jul 2023, 09:43 PM

ঢাকা-১৭ উপ নির্বাচনে ভোট দিয়ে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান বলেছেন, ভোটার উপস্থিতি কম হলেও ভোটের পরিবেশ ‘ভালো’ রয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যান্টনমেন্ট এলাকার শিশু মঙ্গল বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, “লাঙ্গল প্রতীকে ভোট দিলাম। খুবই ভালো লাগছে। সকালে একটু বৃষ্টি ছিল, আবার চলেও গেছে। দিনটি ভালোই যাবে আশা করি। গরমও নেই তেমন। ভোটের জন্য আদর্শ দিন।”

সোমবার সকাল ৮টায় এ আসনের ১২৪টি কেন্দ্রে ভোট শুরু হয়েছে। সোয়া তিন লাখ ভোটারের এ আসনে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

দিনের প্রথম ভাগে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে একেবারেই কম। তবে একটি ভোটও ব্যবধান তৈরি করে দিতে পারে বলে মনে করেন জাতীয় পার্টির প্রার্থী আনিসুর।

তিনি বলেন, “ভোটার আনতে নেতাকর্মীরা তৎপর রয়েছে। কিছু দুর্বলতা রয়েছে। সবাই ভোট দিতে এলে এবং লাঙ্গলে ভোট দিলে লাঙ্গল বিজয়ী হবে।”

ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিলেও বিএনপিসহ অধিকাংশ দলই নেই। সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এই ভোট নিয়ে ভোটারদের মধ্যে তেমন সাড়াও চোখে পড়েনি।

ফলে সাম্প্রতিক বিভিন্ন নির্বাচন থেকে এই উপনির্বাচনে তুলনামুলক ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আনিসুর বলেন, “ভোটার উপস্থিতি একটু ধীর হচ্ছে- এটা ঠিক। নির্বাচনের পরিবেশ কিন্তু ভালো। ভোটাধিকার প্রয়োগ করুন, ভোটকেন্দ্রে আসুন। জাতীয় পার্টির পক্ষ থেকে আহ্বান জানাই।”

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন মোট আটজন। জাতীয় পার্টির আনিসুর ছাড়া বাকিরা হলেন– আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম হিরো আলম (একতারা) এবং মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক)।