২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শুক্রবার থেকে সারাদেশে ভারি বৃষ্টির আভাস

২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সারাদেশেই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বলেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 08:35 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

দেশের ৩১ জেলার ওপর তাপপ্রবাহ বয়ে যাওয়ার মধ্যেই শুক্রবার থেকে সারাদেশে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

তাপপ্রবাহের মধ্যে মঙ্গলবার দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। 

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টি সামনে আরও বাড়বে। ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সারাদেশেই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে নেত্রকোণায়। এছাড়া হবিগঞ্জে ৩০, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯, সিলেটে ১২ এবং ঢাকায় ৩ মিলিমিটারসহ বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্ট্রগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।

এদিন পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হবে না তখন এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বৃষ্টি হলে কমে আসবে এ পরিস্থিতি।” 

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অনুভূত হবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।