ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর ব্যর্থ হয়েছে দাবি করে এ জন্য সরকারের 'অদক্ষতাকেই' দায়ী করেছে বিএনপি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এই সফরকে ঐতিহাসিক বললে আখ্যায়িত করলেও এ থেকে বাংলাদেশে তেমন কিছুই পেল না।
"সরকারের কূটনৈতিক দেওলিয়াত্ব, সমন্বয়হীনতা, অযোগ্যতা, অদক্ষতা ও সংকীর্ণতা কারণে এই সফর ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।"
দুদিনের সফর শেষে বুধবার ফিরে যান মনমোহন। তার বহুপ্রতীক্ষিত এ সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও তা হয়নি।
"এতে দুই দেশের মধ্যে আস্থার সঙ্কট আরো ঘনীভূত হয়েছে। দেশের মানুষ হতাশার গভীরে নিমজ্জিত হয়েছে", বলেন ফখরুল।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, এম এ কাইয়ুম ও সাংবাদিক শফিক রেহমান।
সফরকালে মনমোহনের সঙ্গে দেখা করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। পানি বণ্টনের বিষয়টি দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় বিরোধীদলীয় নেতা হতাশা প্রকাশ করেছেন। আলোচনার ভিত্তিতে অভিন্ন নদীর পানি বণ্টনের সমাধানের পরামর্শ দিয়েছেন তিনি।
মনমোহনের সফলে ভারতের সঙ্গে সাক্ষরিত পারস্পরিক সহযোগিতার রূপরেখা চুক্তি, সীমান্ত সমস্যা সমাধানে প্রটোকলসহ অন্য সমঝোতা স্মারক প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।
ফখরুল বলেন, চুক্তির বিষয়বস্তু জানার অধিকার জনগণের অবশ্যই রয়েছে। জনসমক্ষে প্রকাশ না করলে দেশবাসী ধরে নেবে, সরকার গোপন চুক্তির মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে।
"এ পর্যন্ত যতটুকু প্রকাশিত হয়েছে, তাতে দেখা যায়- ভারতের স্বার্থ জড়িত বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত হয়েছে", যোগ করেন তিনি।
"দুটি নদীর পানি বণ্টন চুক্তি হয়নি। ছিটমহল সমস্যার সুরাহা হয়নি। বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশের ওপর আরোপিত অশুল্ক বাধা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাংলাদেশ যে তিমিরে ছিলো, সে তিমিরেই রয়ে গেলো।"
চুক্তি নিয়ে দেশে আলোচনা না করারও সমালোচনা করেছে বিএনপি।
৬৫ দফা যৌথ ঘোষণার ২৪ নম্বর ধারা তুলে ধরে ফখরুল বলেন, "২০১০ সালে সম্পাদিত যে সব চুক্তির কথা বলা হয়েছে, তা সংসদে পেশ করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সরকার তা লঙ্ঘন করেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই- ওই গোপন চুক্তিগুলো কোথায় আপনি রেটিফাই করিয়ে নিয়েছেন।"
'করিডোর নয়, কানেক্টিভিটি'
ট্রানজিট নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, "আমরা দেখেছি- ভারত সরকার পূর্ব ভারতে তাদের পণ্য ও মালামাল নেওয়ার জন্য করিডোর চেয়েছে। আর আমরা চেয়েছি, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য কানেক্টিভিটি। এটা পরিষ্কার হতে হবে। কোনোভাবে আমরা করিডোর চাইনি।"
তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ার প্রেক্ষাপটে মনমোহনের সফরে বহুল আলোচিত ট্রানজিট নিয়েও কোনো সমঝোতা হয়নি। বিএনপি আগে থেকেই বলে আসছিলো- ভারতকে ট্রানজিটের নামে করিডোর দেওয়া হলে তা মেনে নেবে না তারা।
ট্রানজিট নিয়েও বুধবার মনমোহনের সঙ্গে আলোচনাও করেন খালেদা।
শমসের মবিন বলেন, "কানেক্টিভিটি বিষয়ে খালেদা বলেছেন, নীতিগতভাবে আমরা কানেক্টিভিটি চাই। তবে তা কেবল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নয়, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ চীন পর্যন্ত এই কানেক্টিভিটি নিয়ে যেতে হবে।"
খালেদার এই অবস্থানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ঐকমত্য পোষণ করেছেন বলে জানান শমসের।
আন্দোলনের কর্মসূচির জন্য স্থায়ী কমিটির বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগামী শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে সরকার বিরোধী আন্দোলনের বিষয়ে করণীয় ঠিক করা হবে।
"বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্যর্থ এই সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে নিয়ে আন্দোলন করবেন", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৩ ঘ.
bdnews24