২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা তথ্য প্রকাশ: অপরাধ বিচিত্রার সম্পাদক ও প্রতিবেদকের অর্থদণ্ড

রায় শেষে আসামিপক্ষ জরিমানার অর্থ পরিশোধের জন্য একমাস সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2024, 06:31 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

অনলাইনে আক্রমণাত্মক, মিথ্যা ও ভীতি প্রদর্শক তথ্য প্রকাশের দায়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক এস এম মোরশেদ ও পত্রিকাটির জ্যেষ্ঠ প্রতিবেদক এজাজ রহমানকে অর্থদণ্ড দিয়েছে আদালত।

সম্পাদক মোরশেদকে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও এজাজ রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

রায় শেষে আসামিপক্ষ জরিমানার অর্থ পরিশোধের জন্য একমাস সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য জানান।

দন্ডিতদের পক্ষে আইনজীবী ছিলেন আসাদুজ্জামান বাবু।

মামলা সূত্রে জানা যায়, ইসলামি ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামানকে নিয়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা ২০২০ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদনে ওই কর্মকর্তাকে নারীলোভী, অর্থ আত্মসাৎকারী, নারী ও মাদকাসক্ত, নারী পাচারকারী, দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারী হিসেবে উল্লেখ করা হয়।

সম্পাদক এস এম মোরশেদ ২০২০ সালের ১২ ডিসেম্বর তার ফেইসবুক আইডি থেকে সংবাদের স্ক্রিনশট বিভিন্ন মানুষের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে শেয়ার করেন।

এ অভিযোগে ২০২১ সালের ১৮ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন মনিরুজ্জামান।

মামলার অভিযোগের বিষয়ে তদন্ত শেষে ২০২২ সালের ৩০ মার্চ তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের উপ-পরিদর্শক মো. শাহজালাল আদালতে ২ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করেন।

পরে একই বছরের ১৩ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। 

মামলার বিচারে আদালত পাঁচজন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য নেয়।