২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের অর্থ জোগাড়ে লুট করতে টাঙ্গাইলে জোড়া খুন: র‌্যাব

এ ঘটনায় দুইজনসহ ঢাকা ও লালমনিরহাটে পৃথক খুনের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 07:48 PM

Updated : 04 Aug 2023, 09:44 PM

টাঙ্গাইলে জোড়া খুন, লালমনিরহাটে সংঘর্ষকালে একজনকে পিটিয়ে হত্যা এবং ঢাকার কেরানীগঞ্জে চোখ উপড়ে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একরাতে ছয়জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে র‌্যাব।

শুক্রবার ঢাকায় সংবাদ সম্মেলনে এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে র‌্যাব বলছে, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- টাঙ্গাইলে ব্যবসায়ীসহ জোড়া খুনের ঘটনায় মোস্তফা মিয়া (২০) ও তার সহযোগী আল আমিন (২৭), লালমনিরহাটের ঘটনায় শামীম মিয়া (৩৫), কেরানীগঞ্জের ঘটনায় সুমন ওরফে কালা সুমন (৩০) এবং তার দুই সহযোগী তুহিন হোসেন (৪২) ও খোকন মাতবর ওরফে কালা খোকন (৩৯)।

টাঙ্গাইলের খুনের ঘটনায় ঢাকার কারওয়ান বাজারে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, গত ১৯ জুলাই রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সখিপুরের জামালের চালা এলাকায় ব্যবসায়ী শাহজালাল ও তার চাচা মজনু মিয়া দুর্বৃত্তের হামলায় খুন হন। তদন্তে জানা যায় এলাকার রাজমিস্ত্রী মো. মোস্তফা মিয়া এ খুনের পরিকল্পনা করেন এবং সহযোগী আল আমিনকে নিয়ে তা বাস্তবায়ন করেন।

গত বৃহস্পতিবার রাতে মোস্তফাকে টাঙ্গাইল এবং আল আমিনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, এই দুইজন স্থানীয় একটি সমিতির সদস্য। তারা সমিতি থেকে নেওয়া ঋণের টাকা শোধ করতে না পেরে ব্যবসায়ী শাহজালালের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে।

তবে ব্যবসায়ী শাহজালালের উপর হামলার পর তার কাছে ছয়শত টাকার বেশি পায়নি বলে এক প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা মঈন জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তারের পর দুইজনই হত্যার দায় স্বীকার করেছে। স্থানীয় বাজারে শাহজালালের মনোহারি দোকান আছে, যেখানে তিনি মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের কাজও করতেন। তার চাচা মজনু মিয়া কৃষি কাজ করার পাশাপাশি তার দোকানে সহায়তা করতেন।

ঘটনার বর্ণনায় র‌্যাব কর্মকর্তা বলেন, ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে শাহজালাল মোটরসাইকেলে করে চাচা মজনুকে নিয়ে বাসায় যাওয়ার পথে আগে থেকে ওঁত পেতে থাকা মোস্তফা ও আল আমিন টাকা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে তাদের উপর হামলা চালায়। তারা দুইজনকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে পালিয়ে যায়।

কখনও শাহজালাল রাতে দোকানেই থাকতেন আবার কখনও বাড়িতে ফিরতেন উল্লেখ করে খন্দকার মঈন বলেন, শাহজালালের পরিবারের সদস্যরা বলছেন, যেদিন বাড়ি আসতেন সেদিন দোকানের সারাদিনের বিক্রির এক থেকে দেড় লাখ টাকা সঙ্গে নিয়ে আসতেন।

“এই খবরটি মোস্তফা মিয়া জানতো এবং এই টাকা হাতিয়ে নেওয়ার জন্যই সে আলআমিনের সাথে টাকা ছিনিয়ে নিতে হত্যার পরিকল্পনা করে।”

স্থানীয় থানায় মামলার পর র‌্যাব ছায়া তদন্তে নেমে জানতে পারে পলাতক এই দুইজন কখনও টাঙ্গাইলে কখনও গাজীপুরে ও ঢাকায় আত্মগোপন করছে।

অপরদিকে গত ১১ জুলাই লালমনিরহাটের কালিগঞ্জে আম কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে আজিজার রহমান (৭০) নামে এক ব্যক্তি লোহার রডের আঘাতে মারা যান। ‍

র‌্যাব ২ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনার বিষয়ে র‌্যাব নানাভাবে খোঁজ নিতে গিয়ে জানতে পারে মামলার প্রধান আসামী শামীম মিয়া (৩৫) ঢাকার ধানমন্ডিতে অবস্থান করছেন। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, শামীম ও শাহীন নামে দুইজন স্থানীয় ফল বিক্রেতা আনোয়ারুল হকের কাছ থেকে আম কেনেন। ঘটনার একদিন আগে আম পচা থাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একদিন পর ১১ জুলাই এ নিয়ে আবার বাদানুবাদের এক পর্যায়ে তা হাতাহাতি এবং সংঘর্ষে রূপ নেয়। সেসসয় সেখানে থাকা বয়জেষ্ঠ আজিজার রহমান রডের আঘাতে মারা যান।

এ ব্যাপারে আজিজারের ভাতিজা কালীগঞ্জ থানায় শামীম এবং শাহীনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে গত বৃহস্পতিবার রাতে সুমনকে মাদারীপুর এবং তুহিন ও খোকনকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব ১০।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুলাই রাতে কেরানীগঞ্জের সাতপাখি এলাকায় সাইফুল নামে পোশাক ব্যবসায়ীকে কতিপয় দুর্বৃত্তরা দেশি ধারালো অস্ত্র দিয়ে নৃশংসহভাবে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং চোখ উপড়ে ফেলে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় এর আগে রাজন হোসেন (৩১), জানে আলম (৩৬), সুমন ওরফে গর্দা সুমন (২৫), লিটন হোসেন (২৬), মোহাম্মদ দিপু (২৩), সরোয়ার আকন্দ (২৬) এবং সজীব (২৯) নামে সাতজনকে গ্রেপ্তার করলেও ‘হামলার হোতা’ কালা সুমন ও কালা খোকন পলাতক ছিলেন বলে র‌্যাব জানায়।

র‌্যাব ১০ ছায়া তদন্তকালে সুমন ও তুহিনের অবস্থান শনাক্ত করার পর তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‌্যাব।