ঈদে বিআরটিসির বিশেষ বাস শুক্রবার থেকে
আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন রুটে চলবে বিশেষ ব্যবস্থার বাস; আগাম টিকেট দেওয়াও শুরু হয়েছে।
ঈদে এবারও ঘরমুখো মানুষের চলাচল সহজ করতে বিশেষ ব্যবস্থায় গাড়ি চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
আগামী ১৪ এপ্রিল শুক্রবার থেকে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থার ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু হবে বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
ঢাকার বিআরটিসির সাত ডিপো এবং গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের চাষাড়া ডিপো থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদের সময় বিশেষ সার্ভিসের বাস চলবে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বাস চলাচল করবে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ ফয়েজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপতিতে জানানো হয়, রোববার থেকে সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।
ঢাকায় মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিশেষ বাসের আগাম টিকেট পাওয়া যাবে।
এছাড়া ঈদ উপলক্ষে ঢাকা ও আশপাশের বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় ৫০০ বাস দূরপাল্লার রুটে চলবে বলে আগে সরকারি পরিবহন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল।
বহরের প্রায় ৯০০ বাস এই স্পেশাল সার্ভিসে সড়কে থাকবে এবং বাসগুলোর সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে জানিয়েছিলেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২২ বা ২৩ এপ্রিল বাংলাদেশে উদযাপন হবে রোজার ঈদ। এই তারিখ ধরে গত শুক্রবার থেকে ঈদ যাত্রায় বাস ও ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে।
এবারে ট্রেনে স্টেশনে গিয়ে কাউন্টার থেকে টিকেট কাটার পদ্ধতি উঠিয়ে নিয়ে সব টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে।
বাসের টিকেট কাউইন্টার এবং অনলাইন-দুভাবেই কাটা যাচ্ছে। তবে অন্যবারের তুলনায় বাসের টিকেট চাহিদা কম বলে পরিবহন ব্যবসায়ীরা জানিয়েছেন।
বিশেষ বাস যেখান থেকে ছাড়বে
ঢাকার আট ডিপো থেকে দেশের বেশির ভাগ জেলা ও গন্ত্যবে যাবে বাস।
>> মতিঝিল ডিপো- খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের বাস ছাড়বে।
>> কল্যাণপুর ডিপো- ভাঙ্গা, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও ও দিনাজপুর রুট।
>> গাবতলী ডিপো- ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালী), আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুট।
>> জোয়ারসাহারা ডিপো- ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট।
>> মিরপুর ডিপো- বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুট।
>> মোহাম্মদপুর ডিপো- শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুট।
>> যাত্রাবাড়ী ডিপো- রংপুর, শরিয়তপুর রুট।
>> গাজীপুর ডিপো- বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুট।
>> নারায়ণগঞ্জ চাষাড়া ডিপো- গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুট।
>> নরসিংদী ডিপো- মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটে।
বিজ্ঞপ্তিতে ভোগান্তি এড়াতে যাত্রীদেরকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিসে’ চলাচলে বিআরটিসির পক্ষ থেকে অনুরোধ করে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন ডিপো ও টার্মিনালে জরুরি সেবার জন্য ৬০টি বাস নিম্নলিখিত স্ট্যান্ডবাই থাকবে।
এসব স্থান হল- সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরস্হ মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর ও মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ড।
স্পেশাল সার্ভিসের বিষয়ে যোগাযোগের জন্য কিছু নম্বরও ঠিক করে দিয়েছে বিআরটিসি।
যোগাযোগের নম্বরগুলো হল-
ম্যানেজার (অপা.) মতিঝিল ডিপো ০১৭১১-৭০৮০৮৯, কল্যাণপুর ডিপো ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা ০১৭১১-৩৯১৫১৪, মিরপুর ০১৭১১-৩৯২০৮৭, মোহাম্মদপুর ০১৭১২-৩৮২১৪৪, যাত্রাবাড়ী ০১৯১৯-৪৬৫২৬৬, গাজীপুর ০১৭৫৮-৮৮০০১১, নারায়ণগঞ্জ ০১৭১৫-৬৫২৬৮৩, নরসিংদী ০১৫৫৩-৩৪৯৫৬৭।
