১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ঢাকার জলাবদ্ধতা নিরসনে বিশেষজ্ঞদের কথা শুনবে সরকার: হাসান আরিফ

জলাবদ্ধতা দূর না হলে আমরা বুঝব জনগণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 08:29 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার জন্য গলদটা কোথায়, সেটা বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সরকার উপদেষ্টা হাসান আরিফ।

মঙ্গলবার সচিবালয়ে বর্ষা মৌসুমে ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতি ও কর্মপরিকল্পনা পর্যালোচনার জন্য ২০২৪ সালের দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি। 

হাসান আরিফ বলেন, “ধাপে ধাপে জলাবদ্ধতা নিরসন হবে। পনের বছরের ঝঞ্ঝাট এক দিনে পরিষ্কার হবে না।”

মন্ত্রণালয়ের অভিজ্ঞতার মধ্যে সীমাবন্ধ না থেকে এই বিষয়ে বিশেষজ্ঞদের আমন্ত্রণ করা হয়েছে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সরকার তাদের কথা শুনবে। 

“তাদের বিজ্ঞ মতামত আমরা গ্রহণ করব এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। জলাবদ্ধতা দূর না হলে আমরা বুঝব জনগণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।”

সচিবালয়ে বর্ষা মৌসুমে ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতি ও কর্মপরিকল্পনা পর্যালোচনার জন্য ২০২৪ সালের দ্বিতীয় সভা হয় মঙ্গলবার।

সচিবালয়ে বর্ষা মৌসুমে ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতি ও কর্মপরিকল্পনা পর্যালোচনার জন্য ২০২৪ সালের দ্বিতীয় সভা হয় মঙ্গলবার।

হাসান আরিফ বলেন, জলাবদ্ধতার কারণে ঢাকার মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। 

“এ কারণে মানুষের মুভমেন্ট কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে। শহরের মধ্যে কেন পানি থাকবে, যেখানে এত কোটি কোটি টাকা খরচ করে ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে? গলদটা কোথায়? এটা আমরা বিশেষজ্ঞজনের কাছ থেকে জেনে নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।” 

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগ সচিব (রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁসহ স্থানীয় সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।