২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমাল: জাপানি প্রধানমন্ত্রীর শোক, শেখ হাসিনাকে চিঠি

“কঠিন সময় থেকে উত্তরণে সবসময় বাংলাদেশের পাশে দাঁড়ানোর বিষয়ে আমি পুনর্ব্যক্ত করতে চাই।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 07:41 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

ঘূর্ণিঝড় রেমালের কারণে মৃত্যু ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে তিনি শোক প্রকাশ করেন। ঢাকায় জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে প্রধানমন্ত্রী কিশিদা বলেন, “ঘূর্ণিঝড়ের আঘাতে বাংলাদেশে অনেক মূল্যবান প্রাণক্ষয় এবং অনেক মানুষের বাস্তুচ্যুতির, বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূল এলাকায়, ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। 

“জাপান সরকারের পক্ষ থেকে নিহতদের আত্মার জন্য প্রার্থনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি।”

গত রোববার রাতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল এবং ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। সরকারি হিসাবে, ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে, ঘর ভেঙে ও দেয়াল ধসে পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

রেমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে শিশুসহ ৮৪ লাখের বেশি মানুষ ঝুঁকিতে পড়ার কথা এক বিবৃতিতে বলেছেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট।

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি যাতে দ্রুত পুনরুদ্ধার কামনা করেছেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকার পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো প্রচেষ্টা বাকি রাখবে না জাপান সরকার। কঠিন সময় থেকে উত্তরণে সবসময় বাংলাদেশের পাশে দাঁড়ানোর বিষয়ে আমি পুনর্ব্যক্ত করতে চাই।”