১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিচারক সম্পর্কে ‘আপত্তিকর‘ বক্তব্য, নুরকে হাই কোর্টে তলব

গত ৭ ডিসেম্বর এক সমাবেশে বিচারকদের সম্পর্কে নুর আপত্তিকর বক্তব্য করেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 09:18 PM

Updated : 17 Jan 2024, 01:50 PM

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে তলব করেছে হাই কোর্ট।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

আদেশে আগামী ১৭ জানুয়ারি নুর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে রুল জারিও করা হয়।

গত ৭ ডিসেম্বর ‘বিচারকদের সতর্ক করে ভিপি নুরের আপত্তিকর বক্তব্য‘ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশের খবর নিয়ে সংবাদটি করা হয়। সেখানে বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নুর ‘আপত্তিকর’ বক্তব্য দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন।

কালীপদ মৃধা সাংবাদিকদের বলেন, হাই কোর্ট নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে তলব করেছেন।