Published : 09 Feb 2026, 02:22 PM
যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় জানা যাবে আগামী ২৫ ফেব্রুয়ারি।
সোমবার এ দিন ঠিক করে দেন ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জাকারিয়া হোসেন।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম জানান, এদিন আসামির আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন রাখা ছিল। দুদকের তরফে কৌঁসুলি নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করে। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি।
২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে ২০১৯ সালের ১২ নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এ কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
এর আগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে এলে সম্রাট আত্মগোপন করেন।
এরপর ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। সেদিন বিকালে সম্রাটকে সঙ্গে নিয়ে কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালানো হয়।
প্রায় পাঁচ ঘণ্টা অভিযান শেষে গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া এবং ‘নির্যাতন করার’ বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়ার কথা জানানো হয় র্যাবের পক্ষ থেকে।
ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে সম্রাটকে তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ঢাকার রমনা থানায় মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়।
পরে ২০২২ সালের ১০ এপ্রিল থেকে ১১ মে’র মধ্যে চার মামলায় জামিন পান সম্রাট। কারাগারে যাওয়ার ৩১ মাস পর তার মুক্তি মেলে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গত ২ ফেব্রুয়ারি মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত ২১ সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
এর আগে গত ২৮ অক্টোবর অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন
এবার দুর্নীতির মামলায় সম্রাটের বিচার শুরুর আদেশ, গ্রেপ্তারে পরোয়ানা
কুমিল্লায় আত্মীয়র বাসায় সম্রাট 'লুকিয়ে ছিলেন ৩ দিন ধরে'