‘ডেভিল হান্ট’: সারাদেশে গ্রেপ্তার আরও ৭৬৯ জন
বিশেষ এ অভিযান শুরুর পর ১৪ দিনে সবমিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন ২১ হাজার ৩৭৫ জন।
দেশজুড়ে চলমান যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্টের’ ১৪তম দিনে ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে সর্বমোট ১ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে অন্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে ৫৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে একটি দেশি এক নলা বন্দুক, একটি এলজি, দুটি কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি ও কেঁচি উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে বার্তায়।
ডেভিল হান্টে গত ১৩ দিনে সারাদেশে ৬ হাজার ৭৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আর এই অভিযান শুরুর পর ১৪ দিনে সবমিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন ২১ হাজার ৩৭৫ জন।
গত ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার।
৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে দেশ ‘অস্থিতিশীলকারীদের’ ধরতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এ অভিযানে নামে যৌথ বাহিনী।
অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিলেও ‘ডেভিল হান্টে’ পৃথক গ্রেপ্তারের তথ্য দেয়নি পুলিশ।
পরদিন থেকে গত ১৩ দিনে পৃথকভাবে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে সর্বমোট গ্রেপ্তারের তথ্য দিচ্ছে পুলিশ সদর দপ্তর।
এই বিশেষ অভিযান চলাকালে বুধবার গভীর রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথবাহিনীর সদস্যদের সঙ্গে ‘গোলাগুলিতে’ জুম্মন ও মিরাজ নামে দুইজন নিহত হয়েছেন।
পুলিশের ভাষায়, তারা চাঁদ উদ্যান এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’।
