আনসার আল ইসলাম সদস্য রাব্বি রিমান্ডে
বৃহস্পতিবার সিটিটিসি তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
শুক্রবার তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আতাউল্লাহ রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বৃহ্স্পতিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রাব্বিকে গ্রেপ্তার করে।
সিটিটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি আইডি থেকে নবীকে নিয়ে কটূক্তিকারীকে হত্যা করতে হবে- এমন পোস্ট ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ও আল কায়দার মতাদর্শ প্রচার, জঙ্গি সংগঠনের অন্যান্য সদস্যদের সহিত পরস্পর যোগসাজসে জঙ্গিবাদী ও হিংসাত্মক প্রচারণার পোস্ট নজরে আসে।
“তখন এটি নিয়ে কাজ শুরু করে সাইবার পুলিশ তাকে গ্রেপ্তার করে।”
আরও পড়ুন
