১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে আইনশৃঙ্খলায় নজর রাখতে ইসির সেল গঠন

মনিটরিং সেল ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা পরিচালনা করা হবে।

নির্বাচনে আইনশৃঙ্খলায় নজর রাখতে ইসির সেল গঠন
নির্বাচন ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2023, 09:56 PM

Updated : 31 Dec 2023, 09:56 PM

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে একটি মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন।   

মনিটরিং সেল ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা পরিচালনা করা হবে। 

ভোটের মাঠ পর্যায়ের পরিস্থিতি নির্বাচন কমিশনকে জানানোর পাশাপাশি ইসির নির্দেশনাও দ্রুত জানাবে এ সেল। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্রবাহিনী প্রতিনিধিদের নিয়ে এ মনিটরিং সেল গঠন করা হয়েছে। 

রোববার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদেরকে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান।

“৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

ইসির আইডিইএ-২ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে ২১ জন কর্মকর্তা এই সেলে থাকবেন বলে চিঠিতে বলা হয়েছে। 

একজন উপ-সচিব, উপ-সচিব মর্যাদার পুলিশের পাঁচজন, র‌্যাবের দু'জন, বিজিবির তিন জন, কোস্টগার্ডের দু'জন, আনসার ও ভিডিপির দু'জন, সেনাবাহিনীর মেজর পদ মর্যাদার চার জন, নৌবাহিনীর এক জন ও বিমান বাহিনীর এক সদস্য থাকবেন এ সেলে। 

দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের পর মাঠ পর্যায়ে যথাসম্ভব যাচাই-বাছাই করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে  নির্বাচন কমিশনকে অবহিত এবং জরুরি প্রয়োজনে বিশেষ প্রতিবেদন দেবেন। 

সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি নির্বাচন উপলক্ষে মোতায়েন করা আইনশৃঙ্খলা সদস্যদের সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন।

ভোটকেন্দ্র বা নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করবেন তারা। 

বিভিন্ন নির্বাচনি মালামাল পরিবহন, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের সহায়তা দেবেন সেলের সদস্যরা। 

সংস্থার নিজস্ব যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে নির্বাচন কমিশনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ে নিয়োজিত বাহিনীকে অবহিত করবে এই সেল। 

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্ব-স্ব নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা বিষয়ক ঘটনা নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত ‘আইনশৃঙ্খলা মনিটরিং Apps’ এ তাৎক্ষণিকভাবে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনে গঠিত কেন্দ্রিয় মনিটরিং সেলে পাঠাতে হবে। 

নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত এ সেলের প্রতিনিধিরা ৫ জানুয়ারি প্রাক-পরিকল্পনা সভা করবেন।