২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকের মিছিলে কারবালার স্মরণ

পুরান ঢাকার হোসেনি দালান থেকে নাঙ্গা পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে বিভিন্ন সড়ক ঘুরে ধানমণ্ডি লেকের ধারে প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে শেষ হয় শোকের মিছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2022, 03:18 PM

Updated : 09 Aug 2022, 03:18 PM

আশুরার দিনে কারবালার স্মরণে ঢাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেছে শিয়া মুসলমানরা; পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, এবার এ শোকের মিছিলে ছুরি, বল্লম, তলোয়ারের মত ধারালো অস্ত্র বহন ছিল নিষিদ্ধ।

কোভিড মহামারীর কারণে বার্ষিক এই শোকের উদযাপন দুই বছর বন্ধ ছিল। সংক্রমণ কমে আসায় এবার তাজিয়া মিছিলের অনুমতি মেলায় মঙ্গলবার ভোর থেকেই পুরান ঢাকার হোসেনি দালানে জড়ো হয় হাজারো মানুষ।

সকাল ১০টায় ইমামবাড়া থেকে যখন প্রধান তাজিয়া মিছিলটি শুরু হল, সেই মিছিলের পুরোভাগে ছিলেন তরুণরা, তাদের পরনে কালো পোশাক, মাথায় কালো ফেট্টি, কারও হাতে আবার ঝালর দেওয়া লাল, কালো, সবুজ ঝাণ্ডা।

নিষেধ থাকলেও অনেকে কালো কাপড়ে মোড়া বাঁশের লাঠি নিয়ে যোগ দেন মিছিলে। কারো বোরখা এবং মাথায় লাল রিবন বাঁধা নারীদেরও দেখা যায় মিছিলে।

নাঙ্গা পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে, বিউগল বাজিয়ে, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট,নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে দুপুরে ধানমণ্ডি লেকের ধারে প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় শোকের মিছিল।

এছাড়া চকবাজার ছোট কাটরা এবং মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকেও আলাদাভাবে তাজিয়া মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা।

১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। হিজরি ৬১তম বর্ষের (৬৮০ খ্রিস্টাব্দ) এই দিনে মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদের (স.) দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। বাংলাদেশে মুসলমানরা, বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

তাজিয়া মিছিলের পুরোভাগে কারবালার স্মরণে কালো চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে থাকে ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়া, দ্বিতীয় ঘোড়ার জিন রক্তের লালে রাঙানো।

এক সময় তাজিয়া মিছিলে ছুরি, ধারালো অস্ত্রসহ যুবকদের দেখা যেত। ইমাম হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে তারা নিজের শরীরে আঘাত করে নিজেকে রক্তাক্ত করতেন। সার্কাসের মত মুখে কোরোসিন নিয়ে আগুনের হলকা ছোড়ানো কিংবা বাঁশের চক্রে আগুন জ্বেলে মাথার ওপরে ঘোরানোর খেলাও এখন বন্ধ।

২০১৫ সালে তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে ইমামবাড়ায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে আশুরায় নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়। ঢাকা মহানগর পুলিশ তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ করে। এবার আতশবাজি আর পটকা ফোটানোও ছিল মানা।

তাজিয়া মিছিলের সামনে-পেছনে ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক উপস্থিতি। তবে কোথাও কোনো ‘অপ্রীতিকর’ ঘটনার খবর পাওয়া যায়নি।

ইমামবাড়া থেকে সকালে যখন মিছিল শুরু হয়, রাস্তার দুপাশে ছিল উৎসুক মানুষের ভিড়। পুরান ঢাকার বিভিন্ন গলি খাবার আর খেলনার অস্থায়ী দোকানে মেলার চেহারা পায়।

হোসেনি দালান থেকে আসা তাজিয়া মিছিল বেলা পৌনে ২টার দিকে ধানমণ্ডির ২ নম্বর সড়কের লেকপাড়ে পৌঁছায় তাজিয়া মিছিল। মিছিলে বহন করা সব কিছু লেকের পানিতে ফেলে কেউ কেউ এ সময় পানিতে দাড়িয়ে প্রর্থনা শুরু করেন।

ইমামবাড়ার ইমাম রেজা হোসেইনের ইমামতিতে সেখানে জোহরের নামাজ আর দোয়া-দরুদ পড়ে তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা শেষ হয়।

আশুরা উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশে সরকারি ছুটি। তবে বরাবরের মত এবারও পুরান ঢাকায় আশুরার আনুষ্ঠানিকতা শুরু হয় আগের দিন থেকেই। দেশের অন্যান্য জেলা থেকেও তাজিয়া মিছিলের খবর পাঠিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা।

আশুরা উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, “ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। কোনো ধর্মই হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদ সমর্থন করে না। পবিত্র আশুরার এই দিনে আমি সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করি।”

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “আসুন, আমরা সকলে পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ গড়ে তুলি।”