২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সামাজিক নিরাপত্তায় সজাগ সরকার'

নতুন বাজেটে বিভিন্ন খাদ্য সহায়ক প্রকল্প, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতা বৃদ্ধি এবং বয়স্ক ভাতার সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে দারিদ্র নিরসন ও সামাজিক নিরাপত্তা খাতে ১৯ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা মোট বাজেটের ১৪ দশমিক ৮ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বাজেটে বিভিন্ন খাদ্য সহায়ক প্রকল্প, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতা বৃদ্ধি এবং বয়স্ক ভাতার সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে দারিদ্র নিরসন ও সামাজিক নিরাপত্তা খাতে ১৯ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা মোট বাজেটের ১৪ দশমিক ৮ শতাংশ। চলতি ২০০৯-১০ অর্থবছরে 'সামাজিক নিরাপত্তা ও সামাজিক ক্ষমতায়ন' খাতে বরাদ্দ ছিলো ১৭ হাজার ৩০০ কোটি টাকা। যা ছিলো প্রস্তাবিত বাজেটের ১৫ দশমিক ২ শতাংশ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন। এ অঙ্ক জিডিপির ১৬.৯ শতাংশ। বাজেটে খাদ্য নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে খোলা বাজারে কম মূল্যে খাদ্য বিক্রয়, কাবিখা, ভিজিএফ, ভিজিডি, টিআর, জিআর এবং পার্বত্য চট্টগ্রামের খাদ্য সহায়তা কর্মসূচির আদলে খাদ্য নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচির জন্য ৫ হাজার ৭২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য এবং বিভিন্ন দারিদ্র বিমোচনমূলক প্রকল্পে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৫৪৬ কোটি ৬৮ লাখ টাকা। 'দরিদ্র শ্রমজীবী মানুষের কর্মসংস্থান' শীর্ষক গ্রামীণ রাস্তাঘাট মেরামত প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪০ কোটি টাকা। ৬৮ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মঙ্গাপীড়িত হতদরিদ্রদের কর্মসংস্থানের জন্য। বাজেটে 'অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান' কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা। সারাদেশের প্রায় ১৭ লাখ লোককে এর আওতায় কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, এ কর্মসূচিতে চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া ১ হাজার ১৭৬ কোটি টাকা ১৬টি জেলায় প্রায় ৬ লাখ লোকের কর্মসংস্থানে ব্যবহার করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বয়স্ক ভাতার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৮৯১ কোটি টাকা। এতে সুবিধাভোগীর সংখ্যা চলতি অর্থবছরের চেয়ে ২ লাখ ২৫ হাজার বাড়িয়ে ২৪ লাখ ৭৫ হাজার করার প্রস্তাব করা হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট এটি। বাজেটে ২ লাখ ৮৬ হাজার অসচ্ছল প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০২ কোটি ৯৬ লাখ টাকা। ৩৩ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 'প্রতিবন্ধীদের সেবা ও সহায়ক কেন্দ্র' শীর্ষক একটি কর্মসূচির আওতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য। দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতাবাবদ ৪৩ কোটি ২০ লাখ টাকা এবং শহরে নিু আয়ের কর্মজীবী মহিলাদের জন্য মাতৃত্বকালীন ভাতাবাবদ ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেটে 'মেটারনাল হেলথ ভাউচার স্কিম' এর জন্য ৬৬ কোটি ৪০ লাখ এবং 'ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম' এর জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ৩৩১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বিধবা ও স্বামী পরিত্যক্ত্যা মহিলাদের জন্য দুস্থভাতায়। পথশিশুদের কল্যাণ ও এতিম শিশুদের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৩ কোটি ১৩ লাখ টাকা। বাজেটে আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিলো ৫ দশমিক ৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২ হাজার ৮৪৭ কোটি টাকা যা জিডিপির ১১.৯ শতাংশ। বাজেটে ঘাটতি দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৩ কোটি টাকা যা জিডিপির ৫ শতাংশ। চলতি অর্থবছরে এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিলো। পরবর্তীতে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় এক লাখ ১০ হাজার কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/জিএনএ/১৯১৬ ঘ.