‘চাকরি দেওয়ার নামে ভ্রমণ ভিসায় বিদেশে পাঠিয়ে টাকার জন্য নির্যাতন’
চার মানবপাচারকারীকে গ্রেপ্তারের পর র্যাব বলছে, লাখ লাখ টাকা নিয়ে তারা ‘স্বল্প শিক্ষিত’ তরুণদের ওয়ারক পারমিট ছাড়া শুধু ভ্রমণ ভিসায় বিদেশ পাঠাতেন।
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ‘ভালো’ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গত দুই বছরে শতাধিক ব্যক্তিকে পাচার করার অভিযোগে এক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার চারজন হলে দুবাই প্রবাসী কুমিল্লা চৌদ্দগ্রামের তোফায়েল আহমেদ (২৮), ব্রাহ্মণবাড়িয়া কসবার আক্তার হোসেন (৩৮), ব্রাহ্মণবাড়িয়া সড়রের আনিছুর রহমান (৩৬) এবং কুমিল্লা দেবীদ্বারের মো. রাসেল (৩০)।
এই চারজনের মধ্যে তিনজন গুলশানে ‘সিটি এক্সপ্রেস ট্র্যাভেল এজেন্সি’ নামের একটি কোম্পানি চালান। তদন্তে র্যাব জেনেছে, ওই এজেন্সির কোনো রিক্রুটিং লাইসেন্স নেই। কেবল সিটি কর্পোরেশনের একটি ট্রেড লাইসেন্স নিয়ে অফিস খুলেছে তারা।
দুবাই গিয়ে ‘সর্বস্বান্ত’ হয়ে দেশে ফেরা কয়েকজনের কাছে অভিযোগ পেয়ে এ তদন্তে নামে র্যাব। তারপর কুমিল্লার চৌদ্দগ্রাম এবং রাজধানীর গুলশান এলাকা থেকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয় চারজনকে।
র্যাব-৩ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দীন আহমেদ বলেন, “এই চক্রের সদস্যরা আসলে লাখ লাখ টাকা নিয়ে স্বল্প শিক্ষিত তরুণদের ওয়ার্ক পারমিট ছাড়া শুধুমাত্র ভ্রমণ ভিসায় বিদেশ পাঠাতেন। এবং বিমানবন্দরে ঢোকার ঠিক আগ মুহূর্তে পাসপোর্ট ও কাগজপত্র দেওয়া হত বিদেশগামীদের হাতে, তাই আগে থেকে যাচাইয়েরও সুযোগ থাকত না। প্রতারিত হওয়ার বিষয়টি তারা বুঝতে পারতেন বিমানবন্দর ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে।
প্রতারিত তরুণদের মধ্যে অনেকের পাসপোর্ট নিয়ে নিয়ে নেওয়া হত দুবাইয়ে নামার পরপরই। পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য আরেক দফা টাকাও নিত তারা। শেষমেশ ‘নির্যাতনের শিকার এবং সর্বস্বান্ত হয়ে’ ওই তরুণদের দেশে ফিরতে হয় বলে জানিয়েছে র্যাব।
রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দীন আহমেদ বলেন, “বিদেশ যেতে ইচ্ছুকদের কাছ থেকে পরিবহন খরচ, কখনও বিএমইটি ক্লিয়ারেন্স বা মেডিকেল পরীক্ষার কথা বলে কয়েক দফায় চার থেকে ছয় লাখ টাকা নিত চক্রটি। গত দুই বছরে তারা মধ্যপ্রাচ্যসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের প্রলোভন দেখিয়ে শতাধিক ব্যক্তিকে পাচার করেছে।
“পাচারের শিকার ব্যক্তিরা কেউ বিদেশে গিয়ে কাজ পাননি। উল্টো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে খালি হাতে দেশে ফিরেছেন।“
এই চক্রে কার কী কাজ ছিল সে তথ্যও সংবাদ সম্মেলনে দেন র্যাব-৩ পরিচালক। তিনি বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে দুবাই প্রবাসী তোফায়েল সেখান থেকে চক্রটি চালাতেন। তিনি নিয়মিত দুবাই আসা যাওয়া করতেন, সর্বশেষ গত আগস্টে দুবাই গিয়ে এ মাসে ফিরে আসেন।
আক্তার হোসেন বাংলাদেশে চক্রের কাজ সমন্বয় করতেন, তিনি সিটি এক্সপ্রেস ট্র্যাভেল এজেন্সির চেয়ারম্যান পদেও আছেন। আনিছুর একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং রাসেল ম্যানেজার।
র্যাবের পরিচালক বলেন, “তাদের মাধ্যমে যাওয়া বিদেশগামীদের সবাইকেই সর্বস্বান্ত করেছে চক্রটি।“
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, বিদেশ যাওয়ার প্রলোভনে কেউ রাজি হলে প্রথমে তারা পাসপোর্ট এবং প্রাথমিক খরচ বাবদ ৫০ হাজার থেকে এক লাখ টাকা নেয় চক্রটি। এরপর বিদেশ থেকে তাদের ফোন করত চক্রের সদস্যরা। বলা হত, তাদের মাধ্যমে বিদেশে আসা ব্যক্তিরা খুবই ভালো অবস্থায় আছেন। এ ধরনের ফোন পাওয়ার পর বিদেশ যেতে আরো বেশি আগ্রহী হয়ে উঠতেন তারা।
“এরপর পরিবহন খরচ, ভিসা খরচ, মেডিকেল খরচ, বিএমইটি ক্লিয়ারেন্স ইত্যাদি খরচের কথা বলে চক্রের লোকেরা ধাপে ধাপে কয়েক লাখ টাকা বের করে নিত। ফ্লাইটের দিন বিমান বন্দরে ঢোকার গেইটে তাদের কাছে পাসপোর্ট, ভিসা এবং টিকেট হস্তান্তর করা হত। বিমান বন্দরে ইমিগ্রেশনে যাওয়ার পর তারা বুঝতে পারতেন যে তাদের আসলে ভ্রমণ ভিসায় বিদেশ পাঠানো হচ্ছে। চক্রটি তখন আশ্বস্ত করত যে বিদেশ যাওয়ার পর তাদের ওয়ার্ক পারমিট দেওয়া হবে।“
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশগামীদের মধ্যে যারা দুবাই পৌঁছাতেন, তাদেরকে জাহিদ নামে এক ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে যেত। তারপর তাদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ সব অর্থ ছিনিয়ে নিত। তাদেরকে আশ্বাস দেওয়া হত কিছুদিন পর একটি কোম্পানিতে চাকরি দেওয়া হবে। ওই আশ্বাসের কিছুদিন পর জানিয়ে দেওয়া হত, আইনি জটিলতার কারণে কোম্পানি বন্ধ করে দেওয়া হচ্ছে।
এরপার আবার তাদেরকে জাহিদের জিম্মায় ফিরতে হত। জাহিদ তাদের আটকে রেখে নির্যাতন করে টাকা চাইতেন। নির্যাতিতরা খাবার চাইলে জাহিদ বাংলাদেশ থেকে টাকা আনিয়ে খাবার কিনতে বলতেন। নির্যাতিতরা দুবাই প্রবাসী তোফায়েলের সাথে যোগাযোগ করলে তোফায়েল তাদের অপেক্ষা করতে বলতেন।
দেশ থেকে আরও ৫০-৬০ হাজার টাকা আনিয়ে জাহিদের হাতে দিলে পাসপোর্ট ফেরত পেতেন তারা।
