১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় অজ্ঞান করে ছিনতাই চক্রের চারজন গ্রেপ্তার

এই চক্রটি গত কয়েক মাসে শতাধিক রিকশা চুরি করেছে বলে পুলিশের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:54 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

রাজধানীর বনশ্রী এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা চেতনানাশক ব্যবহার করে মানুষের সর্বস্ব লুটে নিত।

পুলিশ বলছে, এই চক্রের সদস্যরাই মাসখানেক আগে এক চালককে চেতনানাশক জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে রিকশা ছিনিয়ে নিয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু হয়। 

রাজধানীর মুগদার মানিক নগর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার ওই চার ছিতনাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- মো. শরীফুল ইসলাম (৩২) ও চান্দু মিয়া (৪০), ফুল মিয়া (৫৯) ও মো. আল আমিন (৩৮)। তাদের কাছ থেকে সাতটি চোরাই রিকশা উদ্ধার করা করার কথা জানিয়েছে পুলিশ। 

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, গত ৮ এপ্রিল রাত ৯টার দিকে রামপুরা থানার বনশ্রী এলাকায় রিকশা চালক শাহ আলমের রিকশায় দুজন যাত্রী ওঠে। গ্রেপ্তার চারজনের মধ্যে ওই দুই যাত্রীও ছিলেন। 

"যাত্রীবেশী ওই দুইজন রিকশা চালককে কিছু খাইয়ে অজ্ঞান করে রিকশা নিয়ে চলে যায়। পরে শাহ আলমকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন শাহ আলমের ছেলে।

“এরপর বনশ্রী ও খিলগাঁও এলাকার শতাধিক ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে শাহ আলমের রিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত এই চারজনকে গ্রেপ্তার করা হয়।”

উপ কমিশনার হায়াতুল ইসলাম বলেছেন, শরীফুল ইসলাম এই চক্রের ‘হোতা’। আগে তিনি কভার্ড ভ্যানের চালক ছিলেন। 

“পরে কাজ হারিয়ে বেকার হয়ে পড়লে অজ্ঞান করে ছিনতাই পেশার একটি চক্র গড়ে তোলেন শরীফুল।”

এই চক্রটি গত কয়েক মাসে শতাধিক রিকশা চুরি করেছে বলে পুলিশের ভাষ্য।