প্রথম অর্থ সচিব মতিউল ইসলামের মৃত্যু
তিনি শিল্প সচিবের দায়িত্বেও ছিলেন। ওই সময় দুবাই থেকে বিনিয়োগ এনে এবি ব্যাংক প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল।
দেশের প্রথম অর্থ সচিব হিসেবে বাংলাদেশের অর্থনীতির প্রাথমিক ভিত্তি গড়ার কাজে ভূমিকা রেখেছিলেন যিনি, সেই মতিউল ইসলাম ৯৫ বছর বয়সে মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় বলে তার মেয়ে নাদিয়া মুনায়েম জানান।
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৯৩০ সালে জন্মগ্রহণ করা মতিউল ইসলাম ১৯৫২ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। স্বাধীন বাংলাদেশে পান প্রথম অর্থ সচিবের দায়িত্ব।
দীর্ঘ কর্মজীবনে তিনি আট বছর বিশ্ব ব্যাংকে বাংলাদেশের দূত ছিলেন। আর জাতিসংঘে দূত হিসেবে কাজ করেন ১১ বছর।
মতিউল ইসলামের হাত ধরে চারটি কোম্পানি গড়ে ওঠে। তিনি দেশের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানির (আইআইডিএফসি) প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন।
মতিউল এক সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ওই সময় দুবাই থেকে বিনিয়োগ এনে আরব-বাংলাদেশ ব্যাংক (বর্তমানে এবি ব্যাংক) প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল।
মতিউল ইসলাম ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডেরও প্রতিষ্ঠাতা।
তার মৃত্যুর খবর জানিয়ে পরিবারের এক বিবৃতিতে বলা হয়, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় বাবা ও দাদা আমাদের ছেড়ে চলে গেছেন। ভালোবাসা ও প্রজ্ঞার জন্য মানুষের হৃদয়ে থাকবেন তিনি।”
সরকারি-বেসরকারি মালিকানায় তার হাতে গড়া আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসির বতর্মান চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সকালে (বৃহস্পতিবার) তার মৃত্যু সংবাদ পেয়েছি। জুমার নামাজের পর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে (আজাদ মসজিদ) জানাজা হয়েছে।’’
প্রতিষ্ঠার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত আইআইডিএফসির চেয়ারম্যান ছিলেন মতিউল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক শেষে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর করেন তিনি।
