২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

প্রশ্ন ফাঁস: দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষা ১০ থেকে ১৩ অক্টোবর

কুড়িগ্রামের ভুরঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হওয়ায় এই চার বিষয়ের পরীক্ষা স্থগিত করেছিল বোর্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2022, 01:10 PM

Updated : 22 Sep 2022, 02:01 PM

প্রশ্ন ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া এসএসসির চার বিষয়ের পরীক্ষা নেওয়া হবে আগামী ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ অক্টোবর গণিত, ১১ অক্টোবর কৃষি বিজ্ঞান, ১২ অক্টোবর পদার্থ বিজ্ঞান ও ১৩ অক্টোবর রসায়নের পরীক্ষা নেয়া হবে।

কুড়িগ্রামের ভুরঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হওয়ায় বুধবার এই চার বিষয়ের পরীক্ষা স্থগিত করেছিল বোর্ড। এর মধ্যে ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষি বিজ্ঞান ও ২৬ সেপ্টেম্বর রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পুরানো খবর:

প্রশ্ন নিয়ে ‘জটিলতা’: দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ পরীক্ষা স্থগিত

পুরানো খবর:

এসএসসি: পরীক্ষা স্থগিত প্রশ্ন ফাঁসের কারণে, গ্রেপ্তার ৩

পুরানো খবর:

এসএসএসি: দিনাজপুর বোর্ডে প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত শুরু

ব্যবহারিক পরীক্ষারও নতুন সূচি দিয়েছে বোর্ড। ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। যা আগে ১০ থেকে ১৫ অক্টোবরে মধ্যে হওয়ার কথা ছিল।

মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা এসএসসির চারটি বিষয়ের প্রশ্নপত্র উদ্ধার করেন।

এরপর রাতে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজির শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক জুবায়ের হোসাইনকে গ্রেপ্তার করে পুলিশ।

চারজন শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলাও হয় ভুরঙ্গমারী থানায়।

প্রশ্ন ফাঁসের ঘটনা খতিয়ে দেখতে দিনাজপুর বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ফরাজউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার তারা কাজ শুরু করেছেন বলে চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম জানিয়েছেন।