বেনাপোল এক্সপ্রেসে আগুন: বিচারিক তদন্ত চান ফরাসি রাষ্ট্রদূত
“চার ভিকটিমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। নতুন এই ট্রাজেডির পর বিচারিক তদন্তের ফলাফল জানার অধীর অপেক্ষায়,” বলেন ফরাসি রাষ্ট্রদূত।
ভোট ঘিরে বিএনপির হরতালের আগের দিন বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিচারিক তদন্তের কথা বলেছেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যাহি ম্যাজিফি।
নাশকতার এই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুক্রবার রাতে এক্সে এক পোস্টে ম্যাজিফি লিখেন, “দুঃখজনকভাবে আগেও যেমনটি বলেছি, সহিংসতা কোনো পথ দেখায় না। চার ভিকটিমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। নতুন এই ট্রাজেডির পর বিচারিক তদন্তের ফলাফল জানার অধীর অপেক্ষায়।”
ভোট ঠেকাতে বিএনপির ডাকা হরতালের আগে শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে এসে থেমে যায় বেনাপোল এক্সপ্রেস ট্রেন। স্থানীয়রা তখন দেখতে পান ট্রেনের কয়েক বগি থেকে ধোঁয়া উঠছে, ভেতর থেকে ভেসে আসছে যাত্রীদের আর্তনাদ।
ভোটের একদিন আগে ভয়াবহ সহিংসতার ওই ঘটনায় ভস্মিভূত হয়েছে চার প্রাণ। এছাড়া বার্ন ইনস্টিটিউটে ভর্তি আটজনের অবস্থাও ‘শঙ্কামুক্ত নয়’ জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকায় গত ২৮ অক্টোবর সংঘর্ষের পর থেকে হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। ওই সময় থেকে প্রায় তিনশ যানবাহন আগুনে পুড়েছে। এর মধ্যে ট্রেনে আগুন দেওয়া এবং রেললাইন কেটে রাখার কয়েকটি ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণ গেছে।
গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হলে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন মারা যান। যাত্রীবেশে ট্রেনে উঠে সেখানে আগুন দেওয়া হয়েছিল বলে পুলিশের তরফ থেকে সেসময় জানানো হয়েছিল।
সবশেষ বেনাপোল এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নাশকতা হিসেবেই দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় তিনজনকে আটকের পাশাপাশি দুই জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা তদন্তে কিমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
