‘অন্যের নিবন্ধনে’ কারিগরি পরীক্ষায়, ৩ ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার
তারা একই স্কুলের ঝরে পড়া তিন শিক্ষার্থীর নিবন্ধন নম্বর ব্যবহার করে নিজেদের নামে এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।
চলমান এসএসসি বা সমমানের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের তিন ভুয়া পরীক্ষার্থীকে ঢাকার একটি কেন্দ্র থেকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুরে লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে তাদের আটকের কথা জানান বিদ্যালয়টির অধ্যক্ষ আকমল হোসেন।
তারা ঢাকার মোহাম্মদপুরের একটি কারিগরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী, যারা ওই স্কুলের সাবেক তিন শিক্ষার্থীর নিবন্ধন নম্বর ব্যবহার করে নিজেদের নামে এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।
তবে আটক তিনজনের নামে কীভাবে প্রবেশপত্র ইস্যু হয়েছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন পরীক্ষা কেন্দ্রের বিদ্যালয়ের অধ্যক্ষ আকমল হোসেন।
তিনি জানান, এই তিন শিক্ষার্থী যে তিনজনের নিবন্ধন ব্যবহার করেছে তারা প্রায় দুই বছর আগেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়েছে। এ বিষয়ে ওই স্কুল থেকে অভিযোগ পাওয়ার পর তিনজনকে শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, “ওই স্কুল আমাদের জানিয়েছে তাদের কাছে বোর্ডের চলতি বছরের পরীক্ষার যে রেজিস্ট্রেশন শিট এসেছে সেখানে তিনজনের নামের গড়মিল রয়েছে। এই তিন রেজিস্ট্রেশন দুই বছর আগের করা এবং তা ভিন্ন নামে।”
অধ্যক্ষ জানান, এরপর দ্বিতীয় পরীক্ষার দিন খোঁজ নিয়ে দেখা যায় এদের প্রবেশপত্রের সঙ্গে নিবন্ধন কার্ডের মিল নেই। প্রথম পরীক্ষার দিন তারা নিবন্ধন কার্ড আনেনি। মঙ্গলবার দ্বিতীয় পরীক্ষার দিনও আনেনি। পুরো প্রবেশপত্রটি ভুয়া।
বোর্ডের কোনো অসাধু কর্মচারীর সহায়তায় তারা প্রবেশপত্র জোগাড় করে থাকতে পারে জানিয়ে তিনি জানান, তিনজনকে শনাক্তের পর কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। পরে তারা পরামর্শে তাদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তিন শিক্ষার্থীসহ একটি অভিযোগ পেয়েছেন।
এ ব্যাপারে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
