২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের অনুলিপি পেয়েছে আসামীপক্ষ

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি পেয়েছে আসামীপক্ষ। আসামীপক্ষ ত্রিশ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন দায়ের করবে বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি পেয়েছে আসামীপক্ষ। আসামীপক্ষ ত্রিশ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন দায়ের করবে বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গবন্ধু মামলার রায়ের অনুলিপি পেয়ে আসামী বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধবন্ধু হত্যা মামলার আপিলের রায়ের অনুলিপি হাতে পেয়েছি। আগামী ২১ জানুয়ারির আগেই রায় পুনর্বিবেচনার আবেদন দায়ের করব।" তিনি বলেন, "রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করা হবে- এ বিষয়টি আবারও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও কারা কর্তৃপক্ষকে মঙ্গলবার চিঠি দিয়ে জানানো হয়েছে। রায়ের দিন ১৯ নভেম্বর এ বিষয়টি জানানো হয়েছিল।" বিধি মোতাবেক রায় কার্যকর স্থগিত থাকবে জানিয়ে ব্যারিস্টার মামুন বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী যে রিভিউ দায়ের করা হবে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় কার্যকর করা হলে তা হবে হত্যাকাণ্ডের শামিল। আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিভিন্ন অসঙ্গতি রিভিউ আবেদনে তুলে ধরা হবে বলে ব্যারিস্টার মামুন জানান। দণ্ডপ্রাপ্ত আসামী সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের (আর্টিলারী) আইনজীবী খান সাইফুর রহমানও রায়ের অনুলিপি পেয়েছেন বলে জানান। তিনি বলেন, রায় রিভিউ করার আবেদন জানানো হবে। অপর দণ্ডপ্রাপ্ত আসামী সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌসুলি আবদুর রেজ্জাক খান জানান, রায়ের অনুলিপি হাতে এসেছে। বিচারিক পদ্ধতি ও রীতি অনুযায়ী কোনো আবেদন করার কথা জানানো হলে দন্ড কার্যকর করা হয়না। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারিক আদালত মৃত্যুপরোয়ানা জারির ২১ দিনের আগে নয়, ২৮ দিনের পরে নয়- এই সময়ে ফাসি কার্যকর হবে। তবে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি আনিসুল হক বলেন, আসামীরা যেহেতু রিভিউ আবেদন করার কথা জানিয়েছেন, মৃত্যু পরোয়ানা জারি হলেও তা কার্যকর স্থগিত থাকবে। তিনি জানান, আসামীপক্ষ রায়ের কপি হাতে পাওয়ায় এখন থেকে ত্রিশ দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করতে হবে। গত ১৯ নভেম্বর বঙ্গবন্ধু মামলার চুড়ান্ত রায় দেয় সুপ্রিম কোর্ট। গত বৃহস্পতিবার এ রায়ে সাক্ষর করেন রায় প্রদানকারী আপিল বিভাগের পাচ বিচারপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২১৫০ ঘ.