২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে কারাগারে স্বজনদের সাক্ষাত

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে তিনজনের সঙ্গে রোববার তাদের পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে তিনজনের সঙ্গে রোববার তাদের পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন। গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। ফলে হত্যাকারীদের ফাঁসির হাইকোর্টের রায় বহাল রইলো। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি বজলুল হুদার দুই বোন এবং এক বোনের মেয়ে, মহিউদ্দিন আহমেদের স্ত্রী হোসনে আরা মহিউদ্দিন এবং সুলতান শাহরিয়ার রশিদ খানের স্ত্রী মাশহোয়ারা খান, ছেলে-মেয়ে ও দুই বোন তাদের সঙ্গে কারাগারে দেখা করেন। তিনি জানান, যে সেলে তাদের রাখা হয়েছে সেখানেই কড়া নিরাপত্তার মধ্যে তাদের সাক্ষাত হয়। দুপুর সোয়া ২ টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়। সব কিছুই জেল কোড অনুযায়ী করা হয় বলে তিনি জানান। অপর দুই আসামি সৈয়দ ফারুক রহমান এবং এ কে এম মহিউদ্দিনের স্বজনরা তাদের সঙ্গে দেখা করার আবেদন করেছেন। সোমবার অথবা মঙ্গলবার তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান তৌহিদুল ইসলাম। তবে তারা রাষ্ট্রপতির কাছে জীবনভিক্ষার কোনো আবেদন এখনো করেননি বলে জানান কারা কর্মকর্তা। বঙ্গবন্ধু মামলার আপিল খারিজ হয়ে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ ওই দিনই এই পাঁচ আসামিকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জানিয়ে দেয়। সেইসঙ্গে তারা ৭ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে জীবনভিক্ষার আবেদন করতে পারবেন বলে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৮১৩ ঘ.