২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত ছিলেন মহিউদ্দিন, বজলুল, পাশা ও নূর

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার), অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, মেজর আজিজ পাশা ও মেজর নূর সরাসরি জড়িত ছিলেন। তবে আসামিদের যারা সেদিন বঙ্গবন্ধু ভবনে যায়নি, তারাও জড়িত বলে ধরা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 11:17 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার), অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, মেজর আজিজ পাশা ও মেজর নূর সরাসরি জড়িত ছিলেন। তবে আসামিদের যারা সেদিন বঙ্গবন্ধু ভবনে যায়নি, তারাও জড়িত বলে ধরা হবে। এ মামলায় হাইকোর্টে বিচারপতি এ বি এম খায়রুল হকের রায়ে এর উল্লেখ রয়েছে। রায়ে আরও বলা হয়, বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করে তা সবার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার বঙ্গবন্ধু মামলার সপ্তম দিনের শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিচারপতি হকের রায়ের অংশ পড়ে শোনান। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে মঙ্গলবার সকাল ৯টা ৪১ মিনিটে শুনানি শুরু হয়। দুপুর ১টা দেড়টার পর শুনানি শেষ হয়। শুনানির পর মামুন সাংবাদিকদের বলেন, "বিচারপতি খায়রুল হক তার রায়ে বলেছেন, হত্যাকাণ্ডের সময় বঙ্গবন্ধুর বাড়িতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, মেজর আজিজ পাশা ও মেজর নূর নিয়োজিত ছিলেন। তারা চারজনই এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।" খায়রুল হকের রায়ে বলা হয়, আসামিরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি তারা তৎকালীন রাষ্ট্রপতি ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। তার পরিবারের সব সদস্যদের হত্যা করেছে তারা। মামুন বলেন, "রায়ে বলা হয়, এ হত্যাকাণ্ড যাতে কেউ ঠেকাতে না পারে এজন্য আসামিরা সব ব্যবস্থা নিয়েছে।" বিচারপতি খায়রুল হক তার রায়ে আরও বলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খানসহ যারা হত্যার দিন বঙ্গবন্ধুর বাড়িতে যায়নি, তারাও এ হত্যাকাণ্ডে জড়িত ছিল বলেই ধরা হবে। কারণ তারাও বঙ্গবন্ধুকে হত্যার একই উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্র করেছিল ও বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছিল, রায় উদ্ধৃত করে মামুন বলেন। বিচারপতি হকের রায়ে আরও বলা হয়, ধানমণ্ডি, কলাবাগান ও রক্ষী বাহিনীর সদর দপ্তরের সামনে ট্যাংক মোতায়েন করা হয়েছিল। ফারুক রহমান ৪৬ ব্রিগেডের সামনে ট্যাংকের গোলা নিক্ষেপ করেছিল। এর ফলে ৪৬ ব্রিগেডের সেনারা ভয় পেয়ে যায়। ব্যারিস্টার মামুন বলেন, "রায়ে আরও বলা হয়েছে, আসামিরা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা তারা রাষ্ট্রীয় ক্ষমতা পাকাপোক্ত করার জন্য খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সরকার গঠন করেছে। সবার ওপর সেই সরকারকে চাপিয়ে দিয়েছে।" মামুন জানান, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সাধারণ সৈনিক, পুলিশ, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা জড়িত ছিল না বলে বিচারপতি হকের রায়ে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যই এ হত্যাকাণ্ডে জড়িত ছিল। মঙ্গলবার বঙ্গবন্ধু হত্যা মামলার পেপার বুকের ১৪৭৪ থেকে ১৫৪৭ পৃষ্ঠা পর্যন্ত পড়ে শোনানো হয়। এজাহার, অভিযোগপত্র, সাক্ষ্য, নিু আদালতের রায়, হাইকোর্টের রায় ও আপিল মঞ্জুরের আদেশসহ সব কাগজপত্র পেপারবুকে সন্নিবেশিত থাকে। ব্যারিস্টার মামুন বলেন, "আজ (মঙ্গলবার) বিচারপতি খায়রুল হকের রায় পড়া শেষ করে হাইকোর্টের তৃতীয় বেঞ্চে বজলুল হুদা, ফারুক, মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), সুলতান শাহরিয়ার খানের একটি আবেদন আদালতে পড়ে শুনিয়েছি। এরপর তৃতীয় বিচারপতির রায় পড়া শুরু করেছি।" বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ আগস্ট বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। এ মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে সরকার ১৮ জন আইনজীবীকে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৭০০ ঘ.