অভিনেত্রী হিমুর আত্মহত্যা: ‘প্রেমিক’ রুফির বিরুদ্ধে অভিযোগ গঠন
দুই বছর আগের এ মামলায় ১৭ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ রাখা হয়েছে।
অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার ‘প্রেমিক’ মোহাম্মদ জিয়াউদ্দিন রুফির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
এর মধ্য দিয়ে দুই বছর আগের এ মামলার বিচার শুরু হল।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শিশির হাওলাদার এসব তথ্য দেন।
হিমুর মৃত্যুর ঘটনায় তার খালা নাহিদ আক্তার ২০২৩ সালের ২ নভেম্বর জিয়াউদ্দিন ওরফে রুফিকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।
২০২৪ সালের ৩১ অগাস্ট মামলাটি তদন্ত শেষে রুফিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন।
অভিনেত্রী হোমায়রা হিমু উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে একটি ভবনের নিজের ফ্ল্যাটে থাকতেন।
২০২৩ সালের ২ নভেম্বর ওই ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলানো এ অভিনেত্রীর লাশ উদ্ধার করেছিল পুলিশ।
পরদিন আত্মহত্যার প্ররোচনার মামলায় ঢাকার বংশাল এলাকা থেকে রুফিকে গ্রেপ্তার করে র্যাব।
মামলায় বলা হয়, হিমুর প্রেমিক রুমি ঘটনার ছয় মাস আগে থেকে তার বাসায় যাতায়াত করে এবং মাঝে মধ্যে রাত্রিযাপন করতেন। ২০২২ সালের ১ নভেম্বর রুফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক দেয় হিমু। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। এরপর ২ নভেম্বর বিকেল ৩টার দিকে রুফি বাসায় এসে কলিং বেল দিলে হিমুর মেকআপ আর্টিস্ট মিহির বাসার মেইন দরজা খুলে দিলে সে বাসার ভিতরে প্রবেশ করে। মিহির তার রুমে চলে যায়। ৫টার দিকে রুফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলে হিমু আত্মহত্যা করেছে।
”তখন মিহির তাকে জিজ্ঞাসা করে আপনি তো রুমেই ছিলেন। তখন সে বাথরুমে ছিল বলে জানায়।”
ওই সময় হিমুকে রুমের সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশিতে ঝুলতে দেখতে পান মিহির। রুমে থাকা দুটি কাচের গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তারা দুইজন হিমুকে নামিয়ে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তখন রুফি হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুইটি নিয়ে কৌশলে চলে যায়।
পরের দিন রুফিকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব বলেছিল, নানা বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি ও মনোমালিন্য থেকে হিমু আগেও আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।
“বুধবার রাতেও আত্মহত্যা করবে- এমন কথা হিমু সোশাল মিডিয়ায় জিয়াকে জানালেও তিনি তাতে গুরুত্ব দেননি। জিয়া পরদিন হিমুর ফ্ল্যাটে যান। তখন দুজনের মধ্যে আবারও ঝগড়া ও মনোমালিন্য হয়।
“হিমু একটু পর নিজের কক্ষের ফ্যান ঝোলানো লোহার হুকে রশি দিয়ে গলায় ফাঁস দিলে জিয়াউদ্দিন তাৎক্ষণিক তাকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় জিয়া পাশের ঘর থেকে হিমুর মেকআপ আর্টিস্ট মিহিরকে ডেকে নেন।”
আরও পড়ুন
