Published : 11 Feb 2026, 12:38 PM
ভোটের আগ মুহূর্তে নাগরিক সেবায় ‘দ্রুত টিকেট’ ও ‘শুভেচ্ছা’ নামে দুটি অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এ দুই পরিষেবা তুলে ধরেন আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বাস, ট্রেন ও বিমানযাত্রায় অনিয়ম ঠেকাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে টিকেটিং প্লাটফর্ম ‘দ্রুত টিকেট’ অ্যাপ চালু করা হয়েছে, যা উৎসব-উদযাপনের সময়ও কার্যকর থাকবে। আর ‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।
এ দুই অ্যাপ সম্পর্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, “সরকারের সব সেবা যেন ভোগান্তি ছাড়াই নাগরিকদের কাছে পৌঁছে যায়—এটাই ছিল আমাদের লক্ষ্য। আজ এই দুটি প্লাটফর্মের যাত্রা শুরু হলো। এটি কেবল একটি সূচনা।
“প্ল্যাটফর্ম দুটিকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে হবে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। আশা করছি, পরবর্তী নির্বাচিত সরকার এই দুটি উদ্যোগকে আরও এগিয়ে নেবে।”
এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।