১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আটাবের কমিটি বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের  (আটাব) কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সেই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে সংগঠনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, সংগঠনের অভ্যন্তরে অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসক মোতাকাব্বীর আহমেদ ভোটার তালিকা হালনাগাদ করে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। তাছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধ থাকার পরেও ‘আটাব অনলাইন’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল পরিমাণ শেয়ারহোল্ডারদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

বিভিন্ন অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে গ্রেপ্তারের জন্য মানববন্ধনও হয়েছে। ‘আটাব সংস্কার পরিষদ’ নামের একটি পক্ষ সংগঠনের কার্যক্রম পরিচালনায় প্রশাসক নিয়োগের জন্য আবেদন করে।

এ পরিস্থিতিতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গেল ১৮ মার্চ আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ'র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ‘আটাব সংস্কার পরিষদ’ নামে একটি সংগঠন থেকে তিন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হয়।

১ মার্চ গোফরান চৌধুরীকে আহ্বায়ক এবং আমির হোসেন আরিফকে সদস্য সচিব করে ১৬ সদস্যবিশিষ্ট আটাব সংস্কার পরিষদ গঠন করা হয়েছিল।

এরপদ ১৮ মার্চ আটাব সংস্কার পরিষদের আহ্বায়ক ও মঈন ট্রাভেলসের মালিক গোফরান চৌধুরী অভিযোগ জমা দেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কেন আটাবে প্রশাসক নিয়োগ করা হবে না, তা জানতে শোকজ (কারণ দর্শানো) নোটিস দেওয়া হয়।

২২ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে আটাব সভাপতি ও মহাসচিবকে ওই শোকজ পাঠিয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

২০২৪ সালের ৫ মার্চ আটাবের বর্তমান কমিটি দায়িত্ব নিয়েছিল। এরপর সোমবার কমিটি বিলুপ্তির ঘোষণা এল।

আরও পড়ুন

আটাবে কেন প্রশাসক বসানো হবে নাপ্রশ্ন মন্ত্রণালয়ের