২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুন: নারাজি নামঞ্জুরের আদেশ পুনর্বিবেচনার আবেদন বাদীর

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় এজাহারভুক্ত ৫ আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়ায় নারাজি আবেদন নামঞ্জুরের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন বাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 02:58 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই আবেদন করেন মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

বাদী পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন জানান, আদালত রিভিশন মামলা গ্রহণ করে নিম্ন আদালত থেকে নথি তলব করেছেন।

সাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদীর নারাজি আবেদন না মঞ্জুরের নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আমরা জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেছি। আদালত মামলাটি গ্রহণ করে নিম্ন আদালত থেকে নথি তলব করেছে।”

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান রিভিশন মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এজাহারে থাকা কয়েকজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় এবং কয়েকজনের নাম না আসায় গত ১১ মে এই নারাজি আবেদন করেন সেলিনা।

সেলিনা ইসলাম বিউটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ ছাড়াই মামলার তদন্ত কর্মকর্তা প্রভাবিত হয়ে অভিযোগপত্র দাখিল করেছেন। আসামিরা বেরিয়ে এসে হুমকি দিয়ে বলেছে তারা না কী দেড় কোটি টাকা বিনিময়ে অব্যাহতি নিয়েছে।

নারাজি আবেদনের শুনানি শেষে ৮ জুলাই বাদীর নারাজি নাকচ করে কাউন্সিলর নূর হোসেন এবং র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র গ্রহণ করে নারায়ণগঞ্জের বিচারিক আদালত।

সেইসঙ্গে পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাদের মালামাল জব্দের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল মামলা দুটি দায়ের করেন।

হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জের আদালতে এই অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামনুর রশিদ মণ্ডল।

তিনি এজাহারভুক্ত পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি নারাজি আবেদন করেন।

মামলার অন্যতম আসামি র‌্যাবের অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ মোট ৩২ আসামির মধ্যে ২২ জনের নাম পুলিশের দেওয়া অভিযোগপত্রে রয়েছে।  অভিযোগপত্রের বাইরে গ্রেপ্তার থাকা বাকি ১০ জনকে অব্যাহতির নির্দেশ দিয়েছে আদালত।

মামলার ৩৫ আসামির মধ্যে ২২ জন কারাগারে, বাকি ১৩ জন পলাতক।

পুরনো খবর:

৭ খুন: অভিযোগপত্র গ্রহণ, পলাতকদের গ্রেপ্তারে পরোয়ানা