সোনাসহ গ্রেপ্তার বাবা ও ছেলে রিমান্ডে
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০০ গ্রাম সোনাসহ গ্রেপ্তার এক ব্যক্তি ও তার ছেলেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মজিবর রহমান সোমবার মো. বিল্লাল হোসেন (৭০) ও তার ছেলে শাহ আলমকে(২৬) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।
মহানগর হাকিম ইউনুস খান শুনানি শেষে বিল্লালকে একদিন এবং আলমকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
তাদের পক্ষে জামিনের আবেদন করা হলেও বিচারক তা নাকচ করে দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই রনপ কুমার ভক্ত জানান।
রোববার সকালে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ওই দুইজনকে গ্রেপ্তার করে। তাদের কাছে ১০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার এবং ৫০ হাজার টাকা পাওয়া যায়।
রিমান্ডের আবেদনে বলা হয়, সৌদি আরব থেকে আসা এক ব্যক্তির কাছ থেকে তারা সোনার বারগুলো নেন। আরও চালান নেওয়ার জন্য অপেক্ষা করার সময় তারা ধরা পড়েন।
বিল্লাল ও আলমের সঙ্গে ‘চোরাকারবারীদের যোগাযোগ রয়েছে’ উল্লেখ করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ।
