২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অতিথি বেশে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

সিলেটের বিশ্বনাথে অতিথি বেশে ঘরে ঢুকে দুর্বৃত্তরা এক লন্ডন প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 01:29 AM

Updated : 22 Aug 2022, 12:50 PM

রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান।

নিহত সুজনা বেগম (২০) ওই গ্রামের মৃত হাজি আব্দুর রউফের মেয়ে। চার মাস আগে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী (সাতহাল) গ্রামের লন্ডন প্রবাসী মুরাদ আহমদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বাবার বাড়িতে থাকতেন তিনি।

ওসি রফিকুল বলেন, “সন্ধ্যার পর চার জন দুর্বৃত্ত অতিথি বেশে সুজানাদের বাড়িতে আসে। এক পর্যায়ে মা- মেয়ের উপর হামলা চালায় তারা। ধারাল অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে তাদের আহত করে পালিয়ে যায়।”

আহত মা-মেয়েকে হাসপাতালে নেওয়ার পর সুজনার মৃত্যু হয় বলে জানান তিনি।

আহত সুজানার মা রেজিয়া বেগম (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সুজনার শরীরের ১৫ থেকে ২০টি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।

ঘটনাস্থল থেকে একজোড়া জুতা, একটি ক্যাপ, একটি চশমা ও গাছ কাটার করাত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

“তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি,” বলেন ওসি রফিকুল।