২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় জুতার কারখানা ভস্মীভূত

সাভারের আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানা পুড়ে গেছে। তবে, ঈদের ছুটি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 07:15 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

রোববার সন্ধ্যায় নরসিংহপুর এলাকায় ‘আকিজ ফুট ওয়্যার লিমিটেড’কারখানায় আগুন ধরে।

মিরপুর, সাভার, আশুলিয়া, ইপিজেড ও গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ১০টি ইউনিট রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, আগুন পুরোপুরি নিভে যেতে আরও দুই ঘণ্টার মতো লাগতে পারে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, কারখানার সীমানা প্রাচীরের বাইরে থেকে স্থানীয়রা ধোঁয়া দেখে ডিইপিজেড ফায়ার স্টেশনে খবর দেয়।

Image
আশুলিয়ায় ভস্মীভূত আকিজ ফুটওয়্যার লিমিটেড কারখানা

আশুলিয়ায় ভস্মীভূত আকিজ ফুটওয়্যার লিমিটেড কারখানা

Image
আশুলিয়ায় ভস্মীভূত আকিজ ফুটওয়্যার লিমিটেড কারখানা

আশুলিয়ায় ভস্মীভূত আকিজ ফুটওয়্যার লিমিটেড কারখানা

প্রথমে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং পরে সাভার, ধামরাই, টঙ্গী ও মিরপুর থেকে আরও আটটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানটিতে চামড়া, চামড়াজাত পণ্য ছাড়াও প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে ইস্পাতের কাঠামোয় টিনের তৈরি দোতলা কারখানাটি পুরোপুরি ধসে পড়ে।

“ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি,” বলেন তিনি।

আব্দুল হামিদ মিয়া আরও জানান, আগুন পুরোপুরি নিভে যেতে আরও অন্তত দুই ঘণ্টা লাগতে পারে।

তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত বলা যাবে না বলেও জানান তিনি।