২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

পুলিশ জানায়, রোববার দুপুরে এ হামলায় নিহত আল আমিন হাওলাদার (২৫) স্থানীয় হাওলাদার কান্দি গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে।

জাজিরা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, হাওলাদার কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর হাওলাদার, আনোয়ার হোসেন আনু মাদবর, মিলন মুন্সি ও নুর হোসেনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

উত্তেজনা বিরাজ করায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

হাওলাদার কান্দি গ্রামের শফিক হাওলাদার জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত দুই দিন ধরে গ্রামের আলমগীর হাওলাদার ও আব্দুর রব হাওলাদারের সঙ্গে একই গ্রামের খবির হাওলাদার ও আব্দুর রহমান হাওলাদারদের মধ্যে বিরোধ চলে আসছিল।

দুপুর ১টার দিকে খবির হাওলাদার ও আব্দুর রহমান হাওলাদার সমর্থক আল আমিন হাওলাদার বাড়ি থেকে স্থানীয় দুববাডাঙ্গা বাজার যাচ্ছিলেন।

পথে হাওলাদার কান্দির দেলোয়ার হোসেন দেলু খাঁর দোকানের কাছে পাকা রাস্তায় প্রতিপক্ষের ২০/২৫ জন লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে।

তারা তাকে পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আমির হোসেন হাওলাদার বলেন, আলমগীর ও রব হাওলাদারের লোকজন তার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

“আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই,” বলেন তিনি।