হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে শাওন
অনাড়ম্বর পরিবেশে মৃত্যুবার্ষিকীতে হুমায়ূন আহমদকে স্মরণ করেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।
রোববার দুপুরে দুই সন্তান নিষাদ ও নিনীতকে নিয়ে গাজীপুরের নুহাশ পল্লীতে স্বামীর সমাধিতে ফুল দেন তিনি।
নুহাশপল্লীতে স্থানীয় কয়েকটি এতিম খানার ছাত্রদের নিয়ে কবর জিয়ারত, কুরআন তিলওয়াত, দোয়ার বাইরে এবার নুহাশ পল্লীতে কোনো কর্মসূচি ছিল না।
বর্ষণমুখর এই দিনেও হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন এই লেখকের অনুরাগীরা। কর্মসূচি নিয়ে ছিল হিমু পরিবহনও।
ক্যান্সারাক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই চির বিদায় নেন নন্দিত এই লেখক। জনপ্রিয় এই উপন্যাসিকের বিচরণ ছিল নাটক-চলচ্চিত্রেও।
নিজের প্রতিষ্ঠিত নুহাশ পল্লীতেই শেষ ঠাঁই নিয়েছেন হুমায়ূন আহমেদ, যেখানে প্রায় প্রতিদিনই ভিড় জমান এই লেখকের ভক্তরা।
সকাল সাড়ে ১১টার দিকে শাওন দুই ছেলে নিয়ে নুহাশ পল্লীতে উপস্থিত হন। এক ঘণ্টা পর সন্তান ও ভক্তদের নিয়ে হুমায়ূনের কবরে যান তিনি।
বাবার বাগানের ফুল দিয়ে নিষাদ ও নিনীত যায় মায়ের সঙ্গে। শাওনের সঙ্গে তার বোন সেঁজুতি ও নাট্যকার চয়নিকা চৌধুরীও ছিলেন।
শাওন সাংবাদিকদের বলেন, “আমি হুমায়ূনকে কেবল মৃত্যু বা জন্মদিন এলে স্মরণ করি না, সারা বছরই তাকে স্মরণ করি। কোনো কর্মসূচি দিয়ে তাকে স্মরণ করি না।”
মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে মিলাদ, কুরআন তিলওয়াতও করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
দুপুরের পর হুমায়ূন আহমেদের ভাই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব এবং তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদ তাদের সন্তানদের নিয়ে ভাইয়ের কবর জিয়ারত করেন।
স্বামীর ক্যান্সার হাসপাতাল স্থাপনের ইচ্ছার বিষয়ে শাওন সাংবাদিকদের বলেন, “হুমায়ুনের এ স্বপ্নটা আমরাও পোষণ করি, লালন করি। কিন্তু বড় আকারে ওই হাসপাতাল স্থাপনের জন্য যেভাবে প্রিপারেশনটা দরকার সেই প্রিপারেশনটা আমার একার নেই। এজন্য অনেকগুলো মানুষকে একত্রিত করা দরকার। আমি সে চেষ্টা করে যাচ্ছি।”
প্রয়াত লেখকের এই ইচ্ছার বাস্তবায়নে সরকারের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামীর মৃত্যুর পর তার সংসারের হাল ধরতে হয়েছে শাওনকে। নিষাদ এখন কেজি ওয়ানে এবং নিনীত নার্সারিতে পড়ে।
জীবদ্দশায় যার বই নিয়ে ছিল উন্মাদনা, সেই লেখকের মৃত্যুবার্ষিকীতে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ নুহাশ পল্লীতে ভিড় জমাতে শুরু করেন। তাদের অনেকেই প্রিয় লেখকের কবরে ফুল দেন এবং নিশ্চুপ দাঁড়িয়ে থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আবু নাসের তার স্ত্রী-সন্তানদের নিয়ে এসেছিলেন।
তিনি সাংবাদিকদের বলেন, “হুমায়ূন স্যারের প্রতি আমাদের আলাদা একটা টান রয়েছে। তিনি বৃষ্টিকে খুব ভালবাসতেন। তাই তার ভালবাসার প্রতি শ্রদ্ধা জানাতে আমরাও বৃষ্টি উপেক্ষা করে তার কবরের পাশে এসেছি।”
একই টানে ঢাকা থেকে মা-ভাই-বোনকে নিয়ে আসেন সিলেট মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্রী অনিকা আলম।
“আমার শৈশব-কৈশোরের শিক্ষা হুমায়ূন আহমেদকে ঘিরে। তাই বৃষ্টি উপেক্ষা করে তার কবরের পাশে চলে এসেছি,” বলেন তিনি।
হুমায়ূনের সৃষ্ট চরিত্র হিমুর প্রেমীরা সকালে রাজধানীর শাহবাগ থেকে হলুদ পাঞ্জাবী-নীল শাড়ি পড়ে নুহাশ পল্লীতে আসেন।
এসব তরুণ-তরুণী কবর জিয়ারতের পাশাপাশি ক্যান্সার সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন। এদিন সারাদেশে হিমুদের বৃক্ষরোপণ ও পাঠাগার সেল স্থাপন কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন হিমু পরিবহনের সদস্য মো. আসলাম হোসেন।
