হবিগঞ্জের পল্লীতে সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের লাখাইয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হযেছেন; আহত হযেছেন অন্তত ৫০ জন।
রোববার সকালে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (উত্তর) সাজ্জাদুর রহমান জানান।
নিহতরা হলেন, তেঘরিয়া গ্রামের মনা মিয়ার ছেলে কদম আলী ও সায়েদ মিয়ার ছেলে বকুল মিয়া।
সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, ঈদের কয়েকদিন আগে তেঘরিয়া গ্রামের মলাই মিয়া পাশের পূর্বসিংহ গ্রামের শাহজাহান মিয়ার দোকানে খেজুর কিনতে যান। এসময় খেজুরের দাম নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
তার জেরে ঈদের পরদিন সকালে তেঘরিয়া ও পূর্বসিংহ গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ লিপ্ত হয় বলে আহতদের বারত দিয়ে সহকারী পুলিশ সুপার জানান।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে কদম ও বকুল ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
