দিনাজপুরে মন্দিরে দুর্বৃত্তদের হামলা
সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবের মধ্যে দিনাজপুরে একটি মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এতে জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের কালী মন্দিরে এ ঘটনা ঘটে বলে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল হক জানান।
তবে ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
এই ঘটনায় মন্দির কমিটির সদস্য ডালিম কুমার রায় বাদী হয়ে দুজনকে আসামি করে একটি মামলা করলে রোববার সকালে দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
এরা হলেন-মোজাহার হোসেন ও জাকির হোসেন। তারা ওই এলাকার বাসিন্দা।
ওসি মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার গভীর রাতে কে বা কারা কালী মন্দিরে প্রতিমা ভাংচুর এবং বিশ্বকর্মা মন্দির ও দুর্গা মন্দিরে আগুন দেয়। আগুনে মন্দিরের টিনের চাল পুড়ে গেছে।
অশোকের বাড়ির জমি নিয়ে এলাকার মোজাহারের সঙ্গে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।
