ঈদে বিনোদনে বৃষ্টির বাগড়া
পুরো রোজার মাসে রাজধানীর বিপণি বিতানগুলোর যে ভিড় ছিল, ঈদের দিন তা জায়গা বদল করে বিনোদন কেন্দ্রগুলোতে গেলেও বৃষ্টির কারণে প্রতিবারের মতো চিত্র দেখা যায়নি এবার।
শনিবার সকালে ঈদের নামাজেই বাগড়া দেয় বৃষ্টি। এরপর দিনভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি লেগেই ছিল।
এই বৃষ্টি মাথায় নিয়েই নতুন জামা-জুতো পরে বিকালে বাবা-মায়ের হাত ধরে শিশু পার্কগুলোতে দেখা যায় শিশুদের। তরুণ-তরুণীদের ঈদ আনন্দ উদযাপনের কেন্দ্র ছিল সিনেমা হল, পার্ক আর উদ্যান।
তবে বৃষ্টির কারণে বিনোদনকেন্দ্রগুলোতে ঘুরে আসার ইচ্ছা জলাঞ্জলি দিয়ে অনেকে বাড়িতেই থাকায় অন্য বছরের তুলনায় এবার রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কম দেখা গেছে।
রাজধানীতে এখন আধুনিক অনেক বিনোদন কেন্দ্র থাকলেও শিশুপার্কের আবেদন রয়ে গেছে আগের মতোই।
ঈদের দিন দুপুর থেকে রমনার শিশুপার্কে অভিভাবকসহ শিশুরা ভিড়তে শুরু করে।
এবার ঈদ উপলক্ষে আগে থেকেই শিশু-কিশোরদের জন্য পুরোদমে প্রস্তুত ছিল শিশুপার্ক। দূর করা হয় রাইডগুলোর ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি। কিছু রাইডে লেগেছে নতুন রং। রয়েছে বাড়তি আলোকসজ্জার ব্যবস্থাও।
শনিবার থেকে চার দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে শিশুপার্ক। প্রবেশমূল্য ৮ টাকা। তবে সুবিধাবঞ্চিতদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে।
রাজধানীর শিশুদের বিনোদন কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে শ্যামলীর শিশুমেলাও। ছোট পরিসরের এই পার্কে বিকালে ঝিরঝির বৃষ্টির মধ্যে ভিড় দেখা যায়।
শিশুমেলার ব্যবস্থাপক (প্রশাসন) এ বি এম মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বৃষ্টির কারণে মানুষ কম এলেও বিকালে বৃষ্টি একটু কমে আসতেই জমজমাট হয়েছে।
ঈদ উপলক্ষে এ সপ্তাহে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শিশুমেলা খোলা থাকবে। ছোট-বড় সবার জন্য সবমিলিয়ে ৪২টি রাইড আছে। প্রতিটি রাইডের টিকেট ৩০ টাকার। এছাড়া ঢুকতে লাগবে ৫০ টাকার টিকেট।
শিশুমেলায় কথা হয় মোহাম্মাদপুরের চাকরিজীবী ফরহাদ হোসেনের সঙ্গে। ছয় বছরের মেয়ে মাইশা রুপন্তীর আবদার মেটাতে এসেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রতি ঈদেই মেয়ের সঙ্গে চুক্তি থাকে শিশুপার্কে নিয়ে আসার। সকাল থেকে বারবার তাগাদা দিয়েছে সে, তাই দুপুরের পর চলে এসেছি। ঈদের আনন্দ তো বাচ্চাদেরই।”
এদিকে শিশু একাডেমিও ঈদের তিনদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। আর বিকাল ৩টা থেকে উন্মুক্ত পথশিশুদের জন্য।
জাতীয় জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাদুঘর ও আহসান মঞ্জিল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। আর ঈদ উপলক্ষে বিশেষচাহিদা সম্পন্ন শিশু (অটিস্টিক), শিক্ষার্থী ও পথশিশুরা বিনা টিকেটে ঘুরে দেখতে পারবে জাদুঘর।
ঈদের দু’তিন দিন স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনে ওর্য়াল্ডসহ রাজধানীর সিনেমা হলগুলোতেও ভিড় ছিল বিনোদন পিয়াসী নগরবাসী।
ঈদের দিন সন্ধ্যায় বলাকা প্রেক্ষাগৃহে কথা হল ধানমন্ডি জিগাতলার হাবিবের সঙ্গে। সাত বন্ধু মিলে ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রটি দেখেন তিনি। বললেন, “বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম বন্ধুরা মিলে সিনেমাটাই দেখে আসি।”
বলাকা হলের সুপারভাইজার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বিকেল সাড়ে ৩টায় প্রথম শো শুরু হয়েছে। দর্শক মোটামুটি ভাল। ৪০০ সিট ভরেছে। আজকে ফ্যামিলি নিয়ে লোকজন দেখতে আসছে বেশি।”
এছাড়া দল বেঁধে ফুচকা, আইসক্রিম খেতে খেতে আড্ডা দিতে রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের সন্ধ্যায় জড়ো হতে দেখা গেছে তরুণদের। বৃষ্টির বাগড়া দমাতে পারেনি তাদের।
বিনোদনকেন্দ্রগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন, বেইলী রোড, সাতমসজিদসহ বিভিন্ন খোলামেলা জায়গাতেও চলেছে ঈদের আনন্দ-আড্ডা।
