রাজন হত্যাকাণ্ডে আরেকজন গ্রেপ্তার
সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৩টার দিকে শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার রুহুল আমিন (৩৫) রাজন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আলী হায়দারের শ্যালক। আলী হায়দার শুক্রবার বিকালে গ্রেপ্তার হন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুহুলের বিরুদ্ধে রাজনের বাবাকে মামলা না করতে ভয়-ভীতি দেখানো ও রাজনের মরদেহ গুম করতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।”
এর আগে আসামি মুহিতের ভাই কামরুল সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর সেখানে আটক হন। এছাড়া মুহিতের স্ত্রী লিপি বেগম ও দুই প্রত্যক্ষদর্শীসহ এখন পর্যন্ত এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হলো।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
