জাকাতের জন্য মৃত্যু: স্বজনদের নেই ঈদ আনন্দ
ময়মনসিংহে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যাওয়াদের পরিবারে এবার ঈদের আনন্দ নেই।
সদ্য স্বজন হারানোর কষ্ট নিয়ে তারা পার করছেন ঈদের দিনটি।
গত ১০ জুলাই ভোরে ময়মনসিংহে জাকাত আনতে গিয়ে একটি কারখানায় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু হয়।
ওইদিন নিহতদের মধ্যে রয়েছেন শহরের দুলদুল ক্যাম্পের বাসিন্দা আব্দুল বারেকের পরিবারের তিন সদস্য।
এরা হলেন বারেকের স্ত্রী শামিমা খাতুন, মেয়ে সখিনা খাতুন আর সখিনার দুই বছরের শিশু সামিহা।
বারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবারের তিন জনকে হারিয়ে আমাদের কোনো ঈদের আনন্দ নেই।”
ওইদিন আরও নিহত হন শহরের থানার ঘাট বস্তির বাসিন্দা খোদেজা বেগম।
সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন খোদেজা বেগমের মেয়ে ডেইজি।
ডেইজি বলেন, “আমি মাকে হারিয়েছি। আমার মনে কোনো ঈদ আনন্দ নেই।”
তার মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করেন ডেইজি।
নুরানী জর্দ্দা কারখানায় জাকাত আনতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সকালেই কারখানা মালিককে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
