২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগে বাবাকে কুপিয়ে হত্যায় কিশোর গ্রেপ্তার

রাজধানীর তুরাগে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 03:49 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল বাউনিয়া এলাকার রাস্তা থেকেই মানিককে (১৯) গ্রেপ্তার করা হয় বলে পুলিশের সহকারী কমিশনার সোহেল রানা জানান।

মানিক মাদকাসক্ত বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার বিকেলের দিকে মানিক তার বাবা আবুল হাশেমকে (৪২) একটি বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।  

“ঘটনার পরপরই পুলিশ বাউনিয়া এলাকার সকল রাস্তা বন্ধ করে দেয় এবং রাস্তায় রাস্তায় তল্লাশী শুরু করে। পরে সেখানকার এক রাস্তা থেকেই তাকে (মানিক) গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, আবুল হাশেম পরিবার নিয়ে গাজীপুরের বড়বাড়ি এলাকায় থাকেন। তিনি একজন  মুদি দোকানদার। টাকা পয়সা নিয়ে বিভিন্ন সময় বাবা-ছেলের মধ্যে রাগারাগি হত।

শুক্রবার দুপুরের দিকে  কাউকে কিছু না বলে বাবার মটরসাইকেল নিয়ে মানিক বাউনিয়ায় মামা বেলালের বাসায় চলে আসে। 

“হাশেমের সন্দেহ হয় মানিক মটরসাইকেলটি মাদকের টাকার প্রয়োজনে কারো কাছে বিক্রি করে দিতে পারে, এজন্য হাশেম দ্রুত তার শ্যালকের বাসায় চলে আসেন এবং মটরসাইকেলটি মানিকের কাছ থেকে নিয়ে নেন। “এই নিয়েই বেলালের বাসার  প্রধান ফটকের কাছে বাবা-ছেলের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে মানিক  তার মামার বাসায় ঢুকে একটি বটি এনে হাশেমের ঘাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় কোপ দেয়।”

স্বজনরাই হাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।