পেট্রোল বোমায় নিহতদের পরিবারে ‘আসেনি’ ঈদ আনন্দ
দশম জাতীয় সংসদের এক বছর পূর্তির পর তিন মাস ধরে সারাদেশে সহিংসতায় নিহতদের পরিবারে আসেনি ঈদের আনন্দ। স্বজন হারানোর কষ্ট নিয়ে এখনও হাহাকার করছেন মা-বাবা-স্ত্রী-সন্তানরা।
ঈদের আগে মাগুরায় নিহত পাঁচ জনের পরিবারের সদস্যরা বলেছেন, তাদের সীমাহীন কষ্টের কথা।
বিএনপির অবরোধে মাগুরা সদরের মালিকগ্রামে পেট্রোল বোমায় নিহত হন পাঁচ দিনমজুর। এছাড়া দগ্ধ হয়ে কর্মক্ষমতা হারান আরও চার শ্রমিক। তারা বয়ে চলেছেন দুঃসহ সেই দিনগুলোর ভয়ঙ্কর স্মৃতি।
গত ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মাগুরা সদরের মঘির ঢালে পেট্রোল বোমা হামলায় নিহতরা হলেন- রওশন আলী, আব্দুল মতিন, ইয়াদুল, শাকিল ও ইমরান। এদের মধ্যে রওশন ও মতিন আপন চাচা-ভাতিজা।
এছাড়া হতাহত নয় জনই পরস্পরের নিকট আত্মীয়।
তাদের মধ্যে আট জনের বাড়ি মাগুরা সদরের মালিক গ্রামে। অপরজন ট্রাক চালক ইয়াদুলের বাড়ি পার্শ্ববর্তী মাঝাইল গ্রামে।
নিহত রওশনের বাড়ি গিয়ে কথা হয় তার স্ত্রী শুকুর নেছার সঙ্গে। ঈদের প্রস্তুতির কথা বলতেই তিনি ডুকরে কেঁদে ওঠেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েদের বিয়ে হলি সুয়ামী (স্বামী) হচ্ছি সব। যার সুয়ামী নাই তার আবার ঈদ কিসির। গ্যাদা তিনটে পুলাপান রাহে সে দুনিয়ায় থেন চলে গেছে।
“প্রতি ঈদি কাজ-কাম করে সে আমার ছাওয়াগের (ছেলেদের) জন্যি কাপুড় নিয়ে আসত। ঈদি ভালো-মন্দ বাজার করত। ইবার কেউ আর কাপুড় নিয়ে, বাজার নিয়ে আসপে না।”
আর্থিক সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুকুরন নেছা বলেন, স্বামীর জীবনের সঙ্গে কোনো অর্থই তুলনা করা চলে না।
“সে বাঁচে থাকলে দিনে একবার খাবার জুটলেও সেটা ছিল আনন্দের।”
নিহত মতিনের বাবা টোকন বিশ্বাস বলেন, “মতিন অগ্নিদগ্ধ হওয়ার পর আমার হাত ধরে বলেছিল, ‘আব্বা আমি আর যন্ত্রণা সহ্য করতে পরছি না। আমি মরে যাচ্ছি। আমি মরে গেলে তোমাদের কে দেখবে? আমার ছেলেটারে কে দেখবে?
“তুমি আমার ছেলেটাকে দেখো,” মতিন বাবাকে বলেছিলেন বলে টোকন বিশ্বাস জানান।
তিনি বলেন, মতিনের সঙ্গে সঙ্গে তাদের পরিবার থেকে ঈদের আনন্দও হারিয়ে গেছে। ঈদের দিন নামাজ পড়ে শুধু ছেলের আত্মার শান্তি কামনা করবেন।
মতিনের মা সফুরন বেগম বলেন, “আমার মতিন ছিল মা-বাবা বলতে পাগল। প্রতি ঈদে সে আমার জন্য শাড়ি কিনে আনত, অনেক বাজার করত। নামাজ পড়ে আমারে সালাম করত।
“এখনও রাতে ঘুমাতে পারি না। চোখ বুজলে মতিনকে যন্ত্রণায় ছটফটাতে থাকি। একমাত্র মা-ই বোঝে সন্তান হারানোর জ্বালা কী!”
সফুরন বেগম বলেন, “বাবা শুধু এই ঈদ নয়, মতিনকে ছাড়া আমার জীবনে আর কখনও ঈদের আনন্দ আসবে না। তবে শান্তি পাব যদি শুনি আমার মতিনের খুনিদের বিচার হয়েছে।”
শাকিলের বাবা ইসলাম মোল্লা বুক চাপড়ে বলেন, শাকিলকে হারানোর শূন্যতা কোনো কিছুর বিনিময়ে পূরণ হওয়ার নয়। তাই তাদের পরিবারের সদস্যদের কারো মনে ঈদের আনন্দ নেই। নেই ঈদের আয়োজন।
“আমরা রাজনীতি করি না। রাজনীতি বুঝিও না। তবু কেন রাজনীতির আগুনে আমার সন্তান হারালাম? আমি এর উপযুক্ত বিচার চাই।”
আর্থিক দৈন্যের পাশাপাশি এখনও তাদের প্রিয় মানুষটিকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি নিহত ইমরান ও ইয়াদুলের পরিবারের সদস্যরা। তাই ঈদ ঘিরে তাদেরও কোনো আয়োজন নেই।
পেট্রোল বোমায় দগ্ধ হয়ে আহত নাজমুল, ইলিয়াস, আরব আলী জানান, দীর্ঘ এক মাস ঢাকায় চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে আসেন। শারীরিক দুর্বলতা ও নানা পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তারা এখন আর কোনো পরিশ্রমের কাজ করতে পারেন না।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম বলেন, পেট্রোল বোমা হামলায় নিহত ৫ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, যা থেকে প্রতিমাসে তারা নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছেন।
ক্ষতিগ্রস্তদের বসবাসের জন্য ঘর নির্মাণ চলছে। এছাড়া তারা সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতাও পেয়ে আসছেন।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, পুলিশ ইতিমধ্যে ঘটনায় জড়িতদের সনাক্ত করতে সমর্থ হয়েছে। হামলায় জড়িত অভিযোগে গ্রেপ্তাররা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
“স্বল্প সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।”
