২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল পৌর মেয়রের বাসা থেকে ২৭ যুবক  আটক

আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় অভিযুক্ত টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তির বাসা থেকে ২৭ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 01:03 AM

Updated : 22 Aug 2022, 12:49 PM

শুক্রবার বিকালে মেয়রের শহরের কলেজপাড়া এলাকার বাসায় এ অভিযান চালানো হয় বলে জেলা গোয়েন্দা বিভাগের ওসি গোলাম মাহফিজুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র সহিদুর রহমান মুক্তি আট মাস পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে শহরের কলেজ পাড়ায় তার বাসায় ফেরেন।

“মেয়রের বাসায় অনেক অপরাধীর অবস্থানের সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ওই ২৭ জনকে আটক করা হয়।”

তিনি বলেন, আটকদের মধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের ছেড়ে দেওয়া হবে। অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার রাজা ও মোহাম্মদ আলীর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই হত্যাকাণ্ডে সাংসদ আমানুর রহমান খান রানা ও তার ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাঁকন) ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি সানিয়াত খান বাপ্পা জড়িত বলে উল্লেখ করেন। তারপর থেকে আমানুর ও তার ভাইয়েরা আত্মগোপনে যান।

গত রোববার টাঙ্গাইল-৪ আসনের সাংসদ আমানুর রহমান খান রানা ও তার ভাই সহিদুর রহমান মুক্তি হাই কোর্টে জামিনের আবেদন করেন।

আদালত আগামী দু-সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্বসমর্পণের নির্দেশ দেন। এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার ও হযরানি না করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।