মুহিত ও আবলুছ ফের রিমান্ডে, সঙ্গে আলীও
সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার ওরফে আলীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ডে) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
এছাড়া আগে পাঁচ দিন রিমান্ড শেষে মুহিত আলম ও ইসমাইল হোসেন আবলুছকে আরও ৭ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দেয় একই আদালত।
শুক্রবার বিকালে সিলেটের মহানগর হাকিম আনোয়ারুল হক সাত দিন রিমান্ডের এ আদেশ দেন।
একইদিন সকালে নগরীর শেখপাড়া থেকে আলীকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তরফদার আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন।
সুরঞ্জিত তরফদার জানান, আলী হায়দারের ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত ৭ দিন মঞ্জুর করে।
এছাড়া পাঁচদিন রিমান্ড শেষে অপর দুই আসামি মুহিত আলম ও ইসমাইল হোসেন আবলুছকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত পাঁচ দিন মঞ্জুর করে বলে তিনি জানান।
গত ৮ জুলাই রাজনের মরদেহ গুম করতে গিয়ে জনতার হাতে আটক হন মাইক্রোবাস চালক মুহিত।
এরপর একে একে সব আসামিকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে একজনকে আটক করা হয় সৌদি আরবে।
গত ৮ জুলাই জালালাবাদের কুমারগাঁওয়ের ১৩ বছর বয়সী রাজনকে পিটিয়ে হত্যার পর তার ভিডিও নির্যাতনকারীরাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে।
