২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনের খুনিরা জানোয়ার: মুহিত

সিলেটে চোর সন্দেহে যারা ১৩ বছরের সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করেছে, তাদের ‘জানোয়ার’ বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 07:12 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

ওই হত্যাকাণ্ডের পর পুলিশ মামলা নিতে ‘দেরি করায়’ ক্ষোভও প্রকাশ করেছেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।  

ঈদ উপলক্ষে নিজের নির্বাচনী এলাকায় ফিরে শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার বাদেয়ালী গ্রামে রাজনদের বাড়িতে যান মন্ত্রী মুহিত। 

তিনি রাজনের মা-বাবাকে সমবেদনা জানান এবং পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

হত্যাকারীদের ‘জানোয়ার’ উল্লেখ করে মুহিত বলেন,   “একটা ছোট্ট বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা কোনভাবে মেনে নেয়া যায় না। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা জানোয়ার। তাদের বিচার খুব দ্রুত শেষ করা হবে।”

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয় কয়েকজন। তাদেরই একজন ওই ঘটনা ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়, যা তীব্র ক্ষোভের সৃষ্টি করে। 

মুহিত বলেন, “আমি শুনেছি কিছু পুলিশ সদস্য প্রথমে রাজনের বাবার দেওয়া মামলা নিতে চায়নি। উল্টো তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এটা লজ্জার ব্যাপার। যারা রাজনের বাবার সাথে খারাপ আচরণ করেছে তাদের উচিত শাস্তি দেওয়া হবে।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।