তুরাগে ছেলের হাতে বাবা খুন
রাজধানীর তুরাগে এক ব্যক্তি নিজের কিশোর ছেলের হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার বিকেলে তুরাগের বাউনিয়ায় আবুল হাশেম (৪২) নামের ওই ব্যক্তি খুন হন।
ঘটনার পর থেকে তার ছেলে মানিককে (১৯) পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন পুলিশের সহকারী কমিশনার সোহেল রানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আবুল হাশেম পরিবার নিয়ে গাজীপুরের বড়বাড়ি এলাকায় থাকেন। রাগারাগি হওয়ায় তার ছেলে বাউনিয়ায় তার মামার বাসায় চলে এলে পিছু পিছু হাশেমও আসেন তার শ্যালকের বাসায়।
ওই বাসাতেই বাবাকে কুপিয়ে ছেলে পালিয়ে যায় বলে সোহেল রানা জানান।
পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হাশেমকে মৃত ঘোষণা করেন।
