২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী –সতীন পলাতক

গাজীপুরে এক গৃহবধূর মৃত্যুর পর থেকে তার স্বামী ও সতীন পলাতক রয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকা থেকে ইয়াসমিন আক্তার সাথীর (২২) লাশ উদ্ধার করা হয়।

পলাতক দুজন হলেন সাথীর স্বামী আল আমিন ও সতীন সাবিনা আক্তার।

জয়দেবপুর থানার এসআই আজিজুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে  জানান, চান্দনা এলাকায় একটি ভাড়া বাড়িতে আল আমিন তার দুই স্ত্রী সাবিনা আক্তার ও সাথীকে নিয়ে ভাড়া থাকেন।

সাবিনা হলেন আল আমিনের প্রথম স্ত্রী এবং সাথী ছিলেন দ্বিতীয় স্ত্রী।

পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা একই ঘরে ঘুমিয়ে পড়েন। 

শুক্রবার ভোররাতে সেহরি খাওয়ার সময় তাদের সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের জাগাতে গিয়ে আল আমিনের ঘরের মেঝেতে সাথীর লাশ দেখতে পান।

ঘটনার পর থেকে গার্মেন্টস কর্মী আল আমিন ও তার প্রথম স্ত্রী সাবিনাকে এলাকাবাসী দেখেনি বলে এসআই আজিজুল জানান।

সকালে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি জানান, নিহতের গলায় কালো দাগ রয়েছে ও লাশের পাশে ওড়নার কেটে ফেলা অর্ধেকাংশ পড়ে ছিল। ওড়নার বাকি অংশ ঘরের আড়ের সঙ্গে ঝুলে ছিল।

ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আল আমিনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি ও সাবিনার বাড়ি ফরিদপুরে।

এক সন্তানের জননী নিহত ইয়াসমিন আক্তার সাথী গাজীপুর জেলা শহরের মুন্সিপাড়া এলাকার লিটন মিয়ার মেয়ে।