সাভারে ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা
সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার পর তার সঙ্গে থাকা দুই লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত মোফাজ্জল হোসেন (৩২) ওই এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিনি রড সিমেন্টের ব্যবসা করতেন।
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান।
তিনি বলেন, শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভগ্নিপতি মোহাম্মদ বাছেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর ‘কে বা কারা’ মোফাজ্জলকে মোবাইলে ফোনে ডেকে নেয়। এরপর সে দুই লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়।
“রাত ১০টার দিকে আমরা তার লাশের খবর পাই। তার মটরসাইকেল ও সাথে থাকা দুই লাখ টাকাও নিয়ে গেছে।”
ওসি মোস্তফা কামালের ধারণা, পূর্ব শত্রুতার জেরে মোফাজ্জলকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় জড়িতদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান তিনি।
