চট্টগ্রামে সড়ক দুঘটনায় ২ শ্রমিক নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাসচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর সোনা পাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম জেলার ট্রাফিক পরিদর্শক মীর গোলাম ফারুক জানান।
নিহতরা হলেন- ভোলা জেলার লালমোহন উপজেলার ভদ্রপাড়ার মো. জামাল মিস্ত্রী (৩৫) ও একই উপজেলার চর নুরুল অমিন গ্রামের মো. হাসান (২৫)।
আহতদের সবাই চট্টগ্রামের বিভিন্ন এলাকার নির্মাণ ও কারখানার শ্রমিক। তারা ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শ্রমিকরা ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে বাসে করে ভোলার লালমোহনে যাচ্ছিলেন।
রাত দেড়টার দিকে বাসটি উত্তর সোনাপাহাড় এলাকায় মাঈনুদ্দিন পেট্রোল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
আহতদের অবস্থা গুরুতর না হওয়ায় তাদের নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান পরিদর্শক ফরিদ।
