মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার
সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যের মুসলিমরা।
সাধারণত সৌদি আরবের একদিন বাদে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়।
বৃহস্পতিবার খালিজ টাইমসসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম চাঁদ দেখার খবর জানায়।
গালফ নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করায় মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত ওই অঞ্চলের অধিকাংশ দেশ অনুসরণ করলেও ওমানে চাঁদ দেখা যায়নি।
খালিজ টাইমস জানিয়েছে, এজন্য ওমান শনিবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে শুক্রবার চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। চাঁদ দেখা গেলে শনিবার বাংলাদেশে ঈদ হবে। আর তা না হলে ৩০ রোজা পূর্ণ করে রোবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মুসলিমরা।
ধর্মমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় কমিটি বৈঠকে বসবে।
বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে বা অন্য কোনো মাধ্যমে জানাতে অনুরোধ করেছে মন্ত্রণালয়।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রাম, চাঁদপুর, মাদারীপুর, লক্ষ্মীপুর ও শরীয়তপুরের কয়েকশ গ্রামের মুসলিমরা শুক্রবার ঈদ উদযাপন করবে।
এসব গ্রামের মুসলিমরা দীর্ঘদিন ধরেই এভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।
